নৌশ্রমিকদের ধর্মঘট অব্যাহত
নৌপথে নিরাপত্তার দাবিতে লাইটারেজ জাহাজ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে।
রোববার ধর্মঘটের দ্বিতীয় দিনেও চট্টগ্রাম ও মংলা বন্দরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রাখার পাশাপাশি অভ্যন্তরীণ রুটে লাইটারেজ চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।
তবে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে লক্ষ্মীপুরে মেঘনায় লাইটারেজ জাহাজে ‘ডাকাতির’ ঘটনায় কমলনগর থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম বলেন, “২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ডাকাতির ঘটনায় জড়িত কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও গ্রেপ্তার করতে পারেনি। সরকারের পক্ষ থেকে এখনও আমাদের সঙ্গে কোন আলোচনার উদ্যোগ নেয়া হয়নি।
“নদী পথে সন্ত্রাসী, চাঁদাবাজী, ডাকাতি বন্ধ, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নদী পথে বিভিন্ন যানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।”
সংগঠনটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, মুন্সীগঞ্জের মুক্তারপুর, গজারিয়া, ষাটনল থেকে মেঘনা সেতু, নারায়ণগঞ্জের বৈদ্যেরবাজার থেকে হাটকান্দা মাঝেরচর, নরসিংদী মরিচা থেকে মানিকনগর এবং ঢাকার বুড়িগঙ্গা এলাকায় প্রতিনিয়ত জলদস্যুরা ডাকাতি ও চাঁদাবাজি করে আসছে।
বিষয়টি নৌপুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানানো হলেও জলদস্যুদের ধরার ব্যাপারে তারা উদাসীন বলে তিনি অভিযোগ করেন।
যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যতক্ষণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না এবং নিখোঁজ শ্রমিকদের খোঁজ মিলবে না ততক্ষণ কর্মবিরতি চলবে।
শ্রমিকদের অভিযোগ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে সার বোঝাই এমভি কর্ণফুলী-৫ বাঘাবাড়ি যাচ্ছিল।
লক্ষ্মীপুরে কমলগগর থানার বাতির শাইল এলাকায় পৌঁছালে জাহাজটি ডাকাতের কবলে পড়ে। এ সময় লাইটারেজে থাকা ১০ শ্রমিকের মধ্যে তিন জনকে ক্যাবিনে আটকে রাখে ডাকাতরা।
এরপর থেকে ওই লাইটারেজের সাত শ্রমিক নিখোঁজ আছে দাবি শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় শ্রমিকরা।
এদিকে নগরীর সদরঘাট গ্যাস র্যালি ঘাটে এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করবে বলে জানান শ্রমিক ফেডারেশন নেতা খোরশেদ।
সারাদেশে অভ্যন্তরীণ নৌ পথে প্রায় দুই হাজার চারশ লাইটার জাহাজ চলাচল করে। এ জাহাজের শ্রমিক সংখ্যা প্রায় দুই লাখ।
ধর্মঘটের কারণে পণ্য খালাসের পাশপাশি দেশের অভ্যন্তরীণ ১৬টি পথে লাইটার জাহাজে করে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে।
কমলনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, লাইটারের মালিক আব্দুস সালাম জাহিদ পাঁচ জনকে আসামি করে রোববার সকালে কমলনগর থানায় একটি মামলা করেছেন।
লাইটার জাহাজ কর্ণফুলীতে কোন অপহরণের ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, তবে সার পাচার করা নিয়ে সংঘর্ষের পর এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
