আশুগঞ্জ নৌবন্দরেও চলছে কর্মবিরতি
নৌপথের শ্রমিকদের নিরাপত্তার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ লাইটারেজ জাহাজ ও নৌযান শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি চলছে আশুগঞ্জ নৌবন্দরেও।
শনিবার সকাল থেকে আশুগঞ্জ বন্দরে সব ধরনের পণ্য খালাস ও পরিবহন বন্ধ রয়েছে।
বাংলাদেশ নৌযান ফেডারেশনের আঞ্চলিক কমিটির আশুগঞ্জের সভাপতি বাহার মাস্টার জানান, নৌশ্রমিকদের নিরাপত্তার দাবিতে আমরা আশুগঞ্জ নৌবন্দরে পণ্য খালাস ও পরিবহন থেকে বিরত রয়েছি। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি চলবে।
বন্দরের শ্রমিক নুর মিয়া জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ নৌবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
একটি লাইটার জাহাজে ডাকাতি ও সাত শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনার পর নদী পথে সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি বন্ধ এবং নৌযানে কাজ করা শ্রমিকদের নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় লাইটার (ছোট আকারের পণ্যবাহী) জাহাজের শ্রমিকরা।
পরে এতে সমর্থন জানিয়ে দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
এতে দেশের প্রধান দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলায় অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের সব কাজ বন্ধ হয়ে গেছে।
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে সারবোঝাই এমভি কর্ণফুলী-৫ বাঘাবাড়ি যাচ্ছিল। পথে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কমলগঞ্জ থানার বাতির শাইল এলাকায় পৌঁছালে জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা মালামাল লুট করে ১০ জন নৌশ্রমিকের মধ্যে তিন জনকে কেবিনে আটকে রাখে। এরপর থেকে বাকি সাত শ্রমিক নিখোঁজ।
