‘গোঁজামিলের’ রায়ে আসামি খালাস
‘গোঁজামিল’ দিয়ে একটি মামলার দায় থেকে জামায়াতের তিন নেতাসহ সাত আসামিকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এক বিচারকের বিরুদ্ধে।
ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি জানিয়ে প্রতিকার চেয়েছেন ওই মামলার বাদী। তার অভিযোগ, ‘আর্থিক’ অথবা ‘রাজনৈতিক’ প্রভাবে আসামিদের অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগটি করেছেন ঢাকার ১৮৭ ইনার সার্কুলার রোডের প্রকৌশলী আজিজ উদ্দিন। এই মামলার বিচারক ছিলেন মহানগর হাকিম এস এম আশিকুর রহমান।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- জামায়াতের ইসলামীর মতিঝিল থানার আমির মো. শফিক মাইনু, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য একএম রফিকুন্নবী, মজলিস শূরা সদস্য ডা. সুলতান মাহমুদ এবং একেএম নজিরুন্নবী, ডা. সুরাইয়া বেগম, মনোয়ারা বেগম ও কাজী নূরে আলম সিদ্দিকী ।
আজিজ উদ্দিনের আদেশের একটি অনুলিপি সুপ্রিম কোর্টের নিবন্ধকের বরাবরেও পাঠানো হয়েছ।
২০১১ সালের ২৬ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা এ মামলার আরজিতে প্রকৌশলী আজিজ নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি ‘এএনএস কর্পোরেশন’ এর প্রধান নির্বাহী। গৃহ নির্মাণের ঠিকাদারি কাজ করেন তিনি।
অন্যদিকে আসামিরা ‘ক্রিসেন্ট হোল্ডিংস লিমিটেড’ ও ‘বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের’ (দৈনিক সংগ্রামের প্রকাশনা সংস্থা) বিভিন্ন স্তরের কর্মকর্তা।
আরজিতে বলা হয়, ২০১০ সালের ১২ ডিসেম্বর তারিখে ঢাকার শুক্রাবাদ এলাকায় ‘ক্রিসেন্ট বারী প্রকল্পে’ কাজের অনুমোদন পায় এএনএস কর্পোরেশন ।
সে অনুযায়ী বাদী মূল্যবান মেশিনপত্র ও উপ-ঠিকাদার নিয়োগসহ শ্রমিক নিয়ে ৩০০ স্ট্যান্ড পাইল নির্মাণের কাজ শুরু করেন। কার্যাদেশের শর্ত ছিল ক্রিসেন্ট হোল্ডিংস বাদীকে অগ্রিম ৭৫ হাজার টাকা এবং কাজ চলাকালে প্রতি সপ্তাহে পাওনাদি পরিশোধ করবে।
বাদীকে ক্রিসেন্ট ১ লাখ টাকা অগ্রিম দিলেও কাজ চলাকালের নিয়মিত বিল দেওয়া থেকে বিরত থাকে বলে মামলায় অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, প্রকল্পের জমির মালিকের সাহায্য নিয়ে আসামিরা বাদীর কাজে বাধা সৃষ্টির পাশাপাশি তার জীবননাশের হুমকিও দেয়।
হুমকি দেওয়া ও পাওনা পরিশোধ না করার পেছনে জমির মালিক নাহিদের প্ররোচনা ছিল বলেও অভিযোগ করেন প্রকৌশলী আজিজ উদ্দিন।
তার আরজিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে তিনি কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। এরপরই আসামি একেএম নাজিরুন নবী বাদীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর ধারাবাহিকতায় ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি ইনার সার্কুলার রোডে বাদীর কার্যালয়ে এসে ঘটনার জের ধরে রফিকুন নবী ও নাজিরুন নবীর লোকজন বাদীকে মারধর করে। এত বাদী কানে গুরুতর আঘাত পান।
একই বছরের ৩ এপ্রিল পাওনা টাকা ও ক্ষতিপূরণ চেয়ে রফিকুন্নবী, নজিরুন্নবী, সুলতান আহমেদ, সুরাইয়া বেগম ও মিসেস রফিকুন নবীকে আইনি নোটিস দেন আজিজ উদ্দিন। পাশাপাশি থানায় জিডি করেন। পরে তিনি মামলা করতে আদালতে যান।
তবে চলতি বছরের ৯ জুন মামলার অভিযোগ গঠনের দিন মামলার ঘটনা ‘হয়রানিমূলক’ দাবি করে আসামিপক্ষ অব্যাহতি চাইলে তাদের আবেদন গ্রহণ করে আদেশ দেন বিচারক।
অব্যাহতির আদেশে বিচারক বলেন, “২০০৮ সালের ২০ অগাস্ট আসামি মাহবুব এজাহারকারী বাদী মো. ওয়ালিউল্লাহ তালুকদারের কাছ থেকে ৬ মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে ১৩ লাখ টাকা ঋণ নেন। প্রতিমাসে ১৫ হাজার টাকা করে এই ঋণের বিপরীতে লভ্যাংশ দেওয়ারও শর্ত থাকে।
“আসামি মাহবুব দেড়শ টাকার স্ট্যাম্পে এ ঋণের বিষয়ে একটি অঙ্গীকারনামাও প্রদান করেন। কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও ঋণ ফেরত দেননি। বরং টাকা ফেরত চাইতে গেলে আসামি বাদীকে হুমকি দেন।”
ওই মামলার বাদী আজিজ উদ্দিন বলেন, এটি তার করা মামলার বক্তব্য নয়। আদেশ অংশে বাদী ও আসামির নাম ভিন্ন । মামলার তারিখও আলাদা।
তিনি জানান, গত জুন মাসের অনেক পরে তিনি বিষয়টি জানতে পারেন। আর ২৬ অক্টোবর তিনি এই আদেশের সত্যায়িত কপি সংগ্রহ করেন।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে ওই আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনা তার জানা নেই। মামলার আদেশ কি হয়েছে তিনি বলতে পারবেন না।
নথিপত্র থেকে দেখা গেছে, মামলার অভিযোগপত্রে একেএম রফিকুন নবীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ভাঙচুর, বিস্ফোরক দ্রব্য আইনে এবং মো. শফিক মাইনুর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা রয়েছে বলে উল্লেখ রয়েছে।
এদিকে গত ২ নভেম্বর আইন মন্ত্রণালয়ে দাখিল করা আবেদনে বিচারকের সঙ্গে আসামিদের তিনজন আইনজীবীর নাম উল্লেখ করে ঘটনার সঙ্গে তাদের যোগসাজস থাকতে পারে অভিযোগ করেন আজিজ উদ্দিন।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সেলিম রেজাকে দায়ী করে তিনি বলেন, “মামলার আদেশটি জানা এবং দেখা তার দায়িত্ব ছিল। তা হলে এ আদেশটির বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে যাওয়া যেত।”
এছাড়াও ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবুর সঙ্গে যোগাযোগ করার পরও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে বাদীর অভিযোগ।
তিনি বলেন, “আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও তিনি কোনো ব্যবস্থা নেননি।”
এ বিষয়ে আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজিজ উদ্দিন আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিল তারপর আর আসেনি। এপিপির দায়িত্ব ছিল আমাকে বিষয়টি জানানো। সে দায়িত্বে অবহেলা করেছে।”
