বরযাত্রীর জিনিসপত্র খোয়া: রেলমন্ত্রীর দুঃখ প্রকাশ
বিয়ের অনুষ্ঠানে শতাধিক বরযাত্রীর মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বৌভাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো অনুষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভির) নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দিয়েছেন সদ্য বিবাহিত এ মন্ত্রী।
বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৯ অক্টোবর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশন কমিউনিটি হলে মন্ত্রীর গায়ে হলুদ অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক আমন্ত্রিত অতিথির মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটিব্যাগ, পার্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্র খোয়া যায়।
এরপর ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানেও প্রায় শতাধিক অতিথি মোবাইল, মানিব্যাগ, ভ্যানিটিব্যাগ ও পার্সসহ প্রয়োজনীয় ও মূল্যবান জিনিসপত্র খুইয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।
আগামী ১৪ নভেম্বর বৌ-ভাত অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পুরো অনুষ্ঠানস্থল সম্পূর্ণ ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতা করারও অনুরোধ করা হয়েছে।
শুধু বৌভাত নয়, তার আগের দিনও পুরো অনুষ্ঠানস্থল সার্বিকভাবে সিসিটিভিসহ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
১৪ নভেম্বর জাতীয় সংসদ ভবন চত্বরের এলডি হলে বৌভাতের আয়োজন করেছেন মন্ত্রী।
৬৭ বছর রেলমন্ত্রীর নিজের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা কুমিল্লার চান্দিনার মেয়ে। গত শুক্রবার চান্দিনার মীরাখলা গ্রামে রিক্তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়।
