২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নির্মাণকাজের তদারকিতে কোরীয় প্রতিষ্ঠান

পদ্মা সেতু নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পর সে কাজের তদারকির দায়িত্ব দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানকে দিয়েছে বাংলাদেশ সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 06:49 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

পুরনো খবর:

পদ্মা সেতু নির্মাণে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি
পদ্মা সেতু: ৬৬টি পিলারের পয়েন্ট নির্ধারণ

কোরিয়ার জয়েন্ট ভেঞ্চার অফ কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন বাংলাদেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণ কাজ তদারক করবে।

সেই কাজের পরামর্শক (কন্সট্রাকশন সুপারভিশন কনসালল্টেন্ট) হিসাবে প্রতিষ্ঠানটির সঙ্গে সোমবার চুক্তি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বনানীর সেতু ভবনে পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং কোরীয় প্রতিষ্ঠানটির পক্ষে চো নাম-মিন চুক্তিতে সই করেন।

চুক্তি অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৩৮৩ দশমিক ১৫ কোটি টাকার এই চুক্তির মেয়াদ এক বছর ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডসহ মোট ৫ বছর।

তিনি জানান, চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে লিড পার্টনার (প্রধান অংশীদার) হিসাবে রয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট ভেঞ্চার অফ কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, পায়ুঙহা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিমিটেড, কোরিয়া ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট কর্পোরেশন, সুনজিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার কোম্পানি এবং এসিই কনসালটেন্ট (বাংলাদেশ) অ্যান্ড ইন অ্যাসোসিয়েশন উইথ ডেভকনসালটেশন লি. (দেবকন) বাংলাদেশ।

“ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পরই এই চুক্তি হল”, বলেন সেতুমন্ত্রী।

চুক্তি সই অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণে গত ১৭ জুন চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে সরকারের চুক্তি হয়।

গত মাসে পদ্মা সেতুর ২৬৬টি পিলারের মধ্যে ৬৬টির স্থান নির্ধারণের পর শুরু হয়েছে প্রকল্পের মাটি পরীক্ষার কাজ। ১২ হাজার কোটি টাকায় চার বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে চীনা কোম্পানিটির।

প্রকল্পের অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, “ইতোমধ্যে মূল সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ৩টি ড্রেজার, ৩টি ফ্লোটিং ক্রেন ও ২টি টাগবোট এবং একটি অ্যাংকর বোট মাওয়া সাইটে এনেছে।

“মাটি পরীক্ষার কাজ এবং সার্ভে অ্যান্ড সর্টিং আউট কাজ ১ নভেম্বর শুরু হয়েছে। টেস্ট পাইলের স্টিল ফেব্রিকেশন কাজ চীনের ন্যানটংয়ের ওয়ার্কশপে চলছে।”