পতেঙ্গা-পারকি সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত
আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নগরীর পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার পারকি সৈকত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটি।
সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কমিটির প্রথম সভায় দুই সৈকতের উন্নয়নে এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত হয় বলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ রাজীব উল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলা পর্যটনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতেঙ্গা ও পারকি সৈকতকে আধুনিকায়ন ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
পতেঙ্গা ও পারকি সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মাদক চক্রকে উৎখাত, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত হয়।
এছাড়া তথ্য কেন্দ্র স্থাপন এবং পর্যকটদের স্বাস্থ্যসেবার জন্য হেলথ সেন্টার চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- সৈকতে শিশু পার্ক নির্মাণ, জোয়ার-ভাটা সতর্কীকরণে ব্যবস্থা করা, সৈকতে আলোকায়ন, সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করা, সড়ক মেরামত, ওয়াকওয়ে তৈরি, শৌচাগার স্থাপন, চেইঞ্জ রুম স্থাপন ইত্যাদি।
