গাজীপুর পল্লী বিদ্যুৎ: ৫ মাসেও মিটার পাননি দশ হাজার আবেদনকারী
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে টাকা জমা দেওয়ার পাঁচ মাস পরেও মিটার বা বিদ্যুৎ সংযোগ পাননি ১০ হাজারের বেশি আবেদনকারী।
চীন থেকে মিটার এলে এক মাসের মধ্যে সংযোগ দেওয়ার কথা বলে কর্তৃপক্ষ পাঁচ মাস পার করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা।
গাজীপুর জেলা শহরের উত্তর রাজবাড়ি এলাকার বাসিন্দা সৈয়দ মশিউর রহমান জানান, পল্লীবিদ্যুতের পরিদর্শন ও ওয়্যারিং শেষে প্রায় পাঁচ মাস আগে তিনি বিদ্যুৎ সংযোগের জন্য টাকা জমা দেন। সে অনুযায়ী কাস্টমার মিটার অর্ডারও (সিএমও) দেওয়া হয়। কিন্তু সেই মিটার আর তার বাড়িতে লাগেনি।
একই অভিযোগ জানালেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাসেম।
তিনি জানান, তিনটি মিটারের জন্য তিনি আবেদন করেছেন প্রায় ৬ মাস আগে। পল্লীবিদ্যুতের এজিএম শ্যামল চন্দ্র ঘোষ তাকে বলেছেন, চীন থেকে মিটার এলেই সংযোগ দেওয়া হবে। কিন্তু তা আর হয়নি।
এই বিলম্বের কারণ জানতে শ্যামল চন্দ্রের সঙ্গে যোগাযোগ করলে কাসেমকে তিনি পল্লী বিদ্যুতের জিএমের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
শেষ পর্যন্ত পল্লীবিদুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে ‘১০ হাজার টাকা রফায়’ বিষয়টির সুরাহা হয় বলে রশিদের দাবি।
তিনি বলেন, “ঠিকমতো সার্ভিস চার্জ দিয়েও আমি অযথা হয়রানির শিকার হলাম। বাইরে থেকে একজন ইলেকট্রিশিয়ান এনে মিটার ঠিক করে নিলে এতো ঝামেলায় পড়তে হতো না।”
এসব বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুতের এজিএম (গ্রাহক সেবা) শ্যামল চন্দ্র ঘোষ বলেন, “মিটার সংযোগের জন্য পাঁচ মাসে ১০ হাজারেরও বেশি সিএমও তৈরি থাকলেও মিটারের অভাবে গ্রাহকদের বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই মিটার চলে আসবে।”
তিনি জানান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক মিলে প্রায় ২ লাখ ৬৭ হাজার গ্রাহক রয়েছে। সব মিলিয়ে এ জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্য ২২৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, দরপত্র প্রক্রিয়া শেষ করে দেশে মিটার আনতে কিছুটা সময় লাগছে। প্রধান কার্যালয় থেকে সেপ্টম্বরের শেষ দিকে মিটার সরবরাহ করার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা হয়নি।
“রোববারও এ ব্যাপারে জানতে চেয়েছিলাম। এবার বলা হয়েছে অক্টোবরের শেষ দিকে মিটার দেওয়া হবে।”
