কার টাকা, যাচ্ছিল কার কাছে?
চট্টগ্রাম আদালত ভবন এলাকায় বোমার তল্লাশির সময় এক ব্যক্তির বাজারের থলেতে পাওয়া ৫৮ লাখ টাকা কার কাছ থেকে কার কাছে যাচ্ছিল- সে প্রশ্নের জবাব মেলেনি এক দিন পরও।
এসব প্রশ্নের উত্তর খুঁজতে টাকাসহ আটক মো. ইলিয়াসকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
এদিকে ওই টাকার উৎস ও গন্তব্য নিয়ে আদালতপাড়ায় নানা জল্পনা-কল্পনা চলছে।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত সংলগ্ন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের জমি অধিগ্রহণ শাখায় ‘ঘুষ হিসাবে’ ওই টাকা যাচ্ছিল বলে তারা শুনেছেন। মুরাদ নামে ওই শাখার এক কর্মচারী টাকাগুলো ইলিয়াসের কাছ থেকে নিয়ে যাওয়ার কথা ছিল বলেও শোনা যাচ্ছে।
তবে জেলা প্রশাসন কার্যালয়ে খোঁজ নিয়ে মুরাদ নামে ওই কর্মচারীকে পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশও ইলিয়াসের কাছ থেকেও এ বিষয়ে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকার উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা পাননি।
“কেউ ওই অর্থের মালিকানা দাবি করেননি। ইলিয়াসও দাবি করেনি যে ওই টাকা তার। কিন্তু এগুলো কার টাকা- সে বিষয়েও কোনো তথ্য সে দিচ্ছে না।”
এ কারণেই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন।
চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখে ইলিয়াসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
মঙ্গলবার দুপুরে বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি পেয়ে আদালত ভবন ও আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশপথগুলোতে শুরু হয় কঠোর তল্লাশি।
ওই তল্লাশির মধ্যেই আদালতের নুতন এনেক্স ভবনের সামনে মো. ইলিয়াসের হাতে থাকা কাপড়ের থলেতে ৫৭ লাখ ৯৩ হাজার টাকা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াস পুলিশকে বলেন, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়, বাবার নাম মুজিবুর রহমান।
তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “ইলিয়াস দাবি করেছে, গত বৃহস্পতিবার সে রাগ করে বাড়ি থেকে চট্টগ্রাম চলে আসে। জিজ্ঞাসাবাদে একেক সময় একেক তথ্য দিয়ে সে বিভ্রান্ত করতে চেয়েছে।”
