বোমার তল্লাশিতে আটকাল ৫৮ লাখ টাকা
বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকির পর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে আদালত ভবনের নতুন এনেক্স ভবনের সামনে পুলিশ চেকপোস্টে অর্থসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
ওই ব্যক্তির নাম মো. ইলিয়াস (৩২), তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায় বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তল্লাশির সময় ওই ব্যক্তির হাতে থাকা বাজারের থলের ভেতরে ৫৭ লাখ ৯৩ হাজার টাকা পাওয়া যায়।
এর আগে সকালে এক আইনজীবীকে ফোন করে জেএমবি সদস্য পরিচয় দিয়ে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এক ব্যক্তি।
অভিযোগ পেয়ে আদালত ভবন এলাকার নিরাপত্তা জোরদার করে পুলিশ। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শুরু হয় তল্লাশি।
ওসি বলেন, “এতোগুলো নগদ টাকা কেন সে ব্যাগে করে নিয়ে যাচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে।”
