ফটো সাংবাদিক আজিজুর রহীম আর নেই
দৈনিক অবজারভারের আলোকচিত্র সম্পাদক আজিজুর রহীম পিউ হৃদরোগে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।
পিউয়ের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ধানমন্ডির শঙ্করের বাসায় পিউ হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে সিটি হাসপাতাল এবং পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পরিবারের সদস্যরা জানান, পিউয়ের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। তার বোন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
অবজারভারের আলোকচিত্র সম্পাদক পিউ দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকে কাজ করেন। পত্রিকাটির আলোকচিত্র বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন তিনি।
এছাড়া তিনি দৈনিক সকালের খবরের আলোকচিত্র সম্পাদক হিসেবেও কাজ করেন। রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক বাহের সংবাদ’র সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি।
জীবনের শেষ সময় পর্যন্ত ফটো জার্নালিস্ট ফোরামের সভাপতির দায়িত্বে ছিলেন পিউ।
এছাড়া তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সহসভাপতি, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম ও ফটোগ্রাফি সোসাইটির সদস্য ছিলেন।
সংবাদপত্রে কাজের পাশাপাশি ধানমন্ডিতে ফটোগ্রাফির শিক্ষালয় ‘পাঠশালা’য় শিক্ষকতা করতেন পিউ।
রংপুর জেলা স্কুলের সাবেক ছাত্র পিউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন। যুক্তরাজ্যের বোল্টন বিশ্ববিদ্যালয় থেকে ফটো সাংবাদিকতার ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি।
ফটোগ্রাফির ওপর ‘ছবি: আলোর ভাষা’ নামে একটি বই রয়েছে তার।
তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পিউ সোমবার রাত ১১টা পর্যন্ত নিজের কর্মস্থল মতিঝিলে দৈনিক অবজারভারের কার্যালয়ে কাজ করে বাসায় ফেরেন বলে তার পরিবারের সদস্যরা জানান।
মঙ্গলবার বেলা ১২টায় পশ্চিম ধানমন্ডি জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। পরে দুপুর দেড়টায় দ্বিতীয় জানাজা হয় জাতীয় প্রেসক্লাবে।
প্রেসক্লাবের প্রয়াত ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানান নবীন-প্রবীণ সাংবাদিকরা।
আজিজুর রহীম পিউয়ের মৃত্যুতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব এম এ আজিজ, আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাস, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু, ফটো জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল আলম কল্লোল, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মোদাব্বের হোসেন, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মুফদি আহমেদ ও সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।
