২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি ঝরিয়ে দুর্বল হুদ হুদ

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় হুদ হুদ ভারতের অন্ধ্র ঊপকূল পার হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 10:30 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

পুরনো খবর:

অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে হুদ হুদ
হুদ হুদ: কয়েক লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে
হুদ হুদ: উপকূলে জলোচ্ছ্বাসের পূর্বাভাস

এই ঝড়ের কবলে পড়ে ভারতের অন্ধ্র প্রদেশে তিনজন এবং উড়িষ্যায় তিনজন মারা গেছে বলে বিবিসি জানিয়েছে। ঝড়ের প্রভাবে জোয়ারে ভেসে মারা গেছে বাংলাদেশের নোয়াখালীর একটি শিশু।

ঝড় স্থলভাগ অতিক্রম করলেও বাংলাদেশের ঊপকূল এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

হুদ হুদ বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেও দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন বৃষ্টির এমন আবহাওয়া অব্যাহত থাকবে। এরপরই শীত জেঁকে বসবে।

“এ মাসের দ্বিতীয়ার্ধে বর্ষা বিদায় নেবে। তবে চলমান বৃষ্টির প্রভাবে অনেক এলাকায় শীতশীত ভাব চলে এসেছে। বৃষ্টি শেষ হতেই শীতের প্রকোপ বাড়বে।”

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার বিকালে ‘হুদ হুদ’ অন্ধ্র  উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উত্তর অন্ধ্র ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যার স্থলভাগ এলাকায় ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে।

এটি স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ মল্লিক বলেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের  আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, হুদ হুদ-এর প্রভাবে কোম্পানীগঞ্জ উপজেলায় সৃষ্ট জোয়ারের পানিতে ভেসে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে স্থানীয়রা ছোট ফেনী নদী থেকে ছয় বছর বয়সী মনির লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান।  

শনিবার সন্ধ্যার দিকে চর পার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনির আহম্মদের মেয়ে মনি জোয়ারের পানিতে ভেসে যায়।

Image
বরগুনায় বাঁধ ভেঙে ঢুকেছে জোয়ারের পানি

বরগুনায় বাঁধ ভেঙে ঢুকেছে জোয়ারের পানি

ঘূর্ণিঝড়ের প্রভাবে কোম্পানীগঞ্জ ও হাতিয়া উপজেলায় জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোলা, বরগুনা, বরিশাল, পটুয়াখালীর চরাঞ্চলও জোয়ারের পানিতে তলিয়ে যায়।  

ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ঝড়ের সময় প্রবল বাতাস আর বৃষ্টিপাতে অন্ধ্র ও উড়িষ্যায় অনেক দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এছাড়া সড়কের ওপর গাছ ভেঙে পড়ার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্থানে।

ঘূর্ণিঝড়ের সঙ্গে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা থেকে চার লাখ মানুষকে আগেই সরিয়ে নেয় ভারত সরকার।

প্রবল বৃষ্টিতে দৃষ্টিসীমা ৫শ’ মিটারের নিচে নেমে আসায় বেশ কয়েকটি বিমান ও ট্রেনের যাত্রা বাতিল করা হয়।