হুদ হুদ: কয়েক লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে
ঘূর্ণিঝড় হুদ হুদ আঘাত হানার আশঙ্কায় ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা থেকে লাখ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে।
রোববার দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি রাজ্য দুটির কয়েকটি জেলায় ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে।
এনডিটিভি খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম, শ্রীকাকুলাম, ভিজিয়ানাগ্রাম, পূর্ব গোদাভারি ও পশ্চিম গোদাভারি এবং উড়িষ্যার কয়েকটি জেলা থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় মোকাবেলার আগাম প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগযোগ রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে নির্দেশ দিয়েছেন তিনি।
অন্ধ্রপ্রদেশ
ইতোমধ্যেই অন্ধ্রপ্রদেশে দূর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর ২০টি দল মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে বিশাখাপত্তমে দুটি এবং শ্রীকাকুলাম ও ভিজিয়ানাগ্রামে একটি করে দূর্যোগ মোকাবেলা বাহিনী মোতায়েন করা হয়।
এসব এলাকার প্রায় চারলাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে বলে এনডিটিভি জানায়।
এছাড়া জরুরি উদ্ধারের জন্য ৫৪টি বোট প্রস্তুত রাখা হয়েছে। টেলিযোগাযোগ ব্যবস্থা অকার্যকর হলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে প্রস্তুত করা হয়েছে ১৫টি উপগ্রহ নিয়ন্ত্রিত ফোন।
উড়িষ্যাতেও বাসিন্দাদেরকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৬টি দল সেখানে কাজ করছে।
স্থানীয় স্কুলগুলো ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে। নতুন করে ৩০০ অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
উপকূলীয় এলাকার বাসিন্দাদেরকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বার বার সতর্কবার্তা দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনাকর্মীরা।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শনিবার সকাল থেকে ভুবেনেশ্বর থেকে বিশাখাপত্তমগামী ৩৮টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ঘূর্ণিঝড় মোকাবেলা নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কেন্দ্রীয় সরকারের কাছে উপগ্রহ নিয়ন্ত্রিত টেলিফোনের দাবি জানিয়েছেন।
