২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মহাসড়কে প্রাণ গেল ১১ জনের

ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরার তাড়ার মধ্যেই কুমিল্লা ও ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক  দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

কুমিল্লা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 09:37 AM

Updated : 25 Apr 2022, 04:48 PM

এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন এবং সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালকের মৃত্যু হয়। এ দুই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

এছাড়া ফেনীর কষ্টা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছে।  

রোববার ভোর ৫টার দিকে কুমিল্লার মিয়া বাজার হাইওয়ে হোটেল টাইম স্কয়ার থেকে একশ গজ দক্ষিণে শীতলিয়া রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৭ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হন অন্তত ২০জন বলে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবউদ্দিন জানিয়েছেন।

তিনি জানান, গাইবান্ধা থেকে চট্টগ্রামমুখি শিকদার পরিবহনের বাসটি শীতলিয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ছয়জনের মৃত্যু হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যায় আরেকজন।

ঘটনাস্থলেই নিহতরা হলেন, জামালপুর সদরের দখলপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে এনামুল হক (৩৫), তার স্ত্রী ইসমত আরা (২৭) ও মেয়ে সাহারা আক্তার (৬),বাস চালক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার হাশিমপুর গ্রামের শফিক মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৩০), ট্রাক চালক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গুণদণ্ডী গ্রামের আবুল হোসেনের ছেলে জানে আলম (৪২),নেত্রকোনা জেলার কেন্দুয়ার উপজেলার চন্দ্রা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রেখা আক্তার (৩২)।

এছাড়া চট্টগ্রামের বহদ্দার হাট ব্র্যাক ব্যাংক শাখার  ব্যবস্থাপক জামাল আহমেদ সোহেলকে (৪৩) গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তিনি মারা যান।

আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যার মধ্যেই নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে ভোররাত ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় চট্টগ্রামগামী হানিফ পরিবহন এবং ঢাকাগামী জান্নাত পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই জান্নাত পরিবহনের চালক নিহত এবং  ১৫ যাত্রী আহত হন বলে নোয়াবাজার মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নিহত বাসচালক আলী আশরাফ (৪৫) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে আলী আশরাফ (৪৫)।

ফেনীতে ৩জন নিহত

ফেনীর কসকা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছে।   

মহীপাল মহাসড়ক থানার ওসি সালেহ আহম্মদ পাঠান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল থেকে চট্টগ্রামগামী ডেল্টা লাইন পরিবহনের বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অন্তত দশজন আহত হন।  

নিহতরা হলেন- টাঙ্গাইলের মধুপুর এলাকার কামাল উদ্দিনের স্ত্রী জোসনা বেগম (৩০) ও পুরোলিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ। নিহত অপর জনের নাম পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে র্যা।বের নায়েক এনায়ার হোসেনের পরিচয় জানা গেছে। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত সবাইকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফেনী সদর হাসপাতাল আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বাস চালক ঘুমে থাকায় এ ঘটনা ঘটেছে। তাকে আটক করা যায়নি।

এইচআই/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পুরনো খবর:

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ তরুণ নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫