২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ তরুণ নিহত

গাইবান্ধার সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 10:42 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

রোববার বিকেলে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার বাসিন্দা ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মৃত সাজ্জাদ জহির ফারুকের ছেলে নির্মাণ জহির (২০) এবং শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ও গাইবান্ধা গণপূর্ত বিভাগে কর্মচারী সাখাওয়াত হোসেনের ছেলে রাহুল মিয়া (২১)।

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, রোববার বিকেল ৫টার দিকে দুই বন্ধু নির্মাণ জহির ও রাহুল মিয়া মোটর সাইকেলযোগে কুপতলা গোডাউন বাজার থেকে গাইবান্ধা শহরে ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নির্মাণ জহির এবং হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে রাহুলের মৃত্যু হয়।