নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার সুতিরপাড় ও আহম্মদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়াই গ্রামের শুকুর আলী (৬০), তার ছোট ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম (৪০), তাদের প্রতিবেশী লুকমান হোসেন (৫৫), পুলক কুমার (২৫) ও অজ্ঞাতপরিচয় এক শিশু।
বনপাড়া মহাসড়ক থানার ওসি ফুয়াদ রুহানী জানান, বেলা দেড়টার দিকে সুতিরপাড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চলমান একটি অটোরিকশার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী শুকুর, মমতাজ, লুকমান হোসেন ও অটোরিকশার চালক পুলক নিহত হন।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি বলে জানান ওসি ফুয়াদ।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় একই সড়কের আহম্মদপুর এলাকায় চৌধুরী এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী এক শিশুর মৃত্যু হয়।
শিশুটিরও পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা ফুয়াদ।
