বঙ্গবন্ধু সাফারি পার্কে ‘ব্ল্যাক বাক’ অবমুক্ত
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে নেদারল্যান্ড থেকে আনা চারটি ‘ব্ল্যাক বাক’।
শনিবার সকালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মো. নজিবুর রহমান ওই ব্ল্যাক বাকগুলো অবমুক্ত করেন বলে জানিয়েছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচার্য।
সাফারী পার্ক প্রকল্পের পরিচালক ও বন সংরক্ষক ড. তপন কুমার দে জানান, হরিণ জাতীয় তৃণভোজী এ প্রাণী বাংলাদেশের আর কোন চিড়িয়াখানা বা পার্কে নেই।
এবারই প্রথম 'ব্ল্যাক বাক' প্রাণীটি নেদারল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে। প্রতিটির দাম পড়েছে সাড়ে ১০ লাখ টাকা। এ প্রাণীটি বছরে একবার বাচ্চা প্রসব করে থাকে।
ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটির অবস্থান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটির উদ্বোধন করেন।
