২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরি মেরে পান দোকানির টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে এক পান দোকানিকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 12:15 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত মো. ইউনুসকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম ইসলামবাগে এ ঘটনা ঘটে।

ইউনুসের ছোট ভাই মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে একদল দুর্বৃত্ত দোকানে গিয়ে ইউনুসকে ছুরিকাঘাত করে তার কোমরে জড়ানো থাকা ৭০ হাজার টাকাসহ ক্যাশবাক্স থেকে আরো কিছু টাকা নিয়ে পালিয়ে যায়।"

“দুর্বৃত্তরা তার বুকের ডান দিকে আঘাত করেছে।”

ওসি আজিজুল হক বলেন, ইউনুস সুস্থ হলে ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে জানা যাবে।