বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হর্ষ বর্ধনের শ্রদ্ধা
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির ৬৭তম সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান ভারতের মন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে হর্ষ বর্ধনকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরিয়ে দেখান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব লোভ ভার্মা, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, স্বাস্থ্য সচিব (আয়ুর্বেদ) নীলাঞ্জন স্যানাল, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নুরুল হক এসময় উপস্থিত ছিলেন।
এর আগে মোহাম্মদ নাসিমের বাসভবনে নৈশভোজে যোগ দেন হর্ষ বর্ধন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম বৈঠক এবং আঞ্চলিক কমিটির সম্মেলনে যোগ দিতে গত সোমবার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকা আসেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী।
তার এই সফরে প্রাকৃতিক ও হোমিওপ্যাথি ওষুধ পদ্ধতির বিষয়ে সহযোগিতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন হর্ষ বর্ধন।
বুধবার শেখ হাসিনার সঙ্গে ওই সাক্ষাতের পর এক টুইটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি।
“বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ করছি। তিনি গণতন্ত্রের আলোকবর্তিকা, বলিষ্ঠ একজন সমাজ সংস্কারক। তার পরও কতো বিনয়ী, ভদ্র,” টুইটে বলেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী।
ঢাকাকে নিজের ঘরের মতোই মনে হয়েছে জানিয়ে তিনি বলেছেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। সবসময়ই এটা ভালো থাকবে।”
শুক্রবার সকালে দেশে ফিরে গেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী।
