২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি: জালিয়াতিতে আটক ১৭, ‘ভুয়া’ প্রশ্ন বিক্রির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও জালিয়াতির অভিযোগে দুই ‘সহায়তাকারী’সহ ১৭ জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 01:05 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

পুরনো খবর:

জবির ভর্তি পরীক্ষাকেন্দ্র থেকে ৩ জন আটক
ভর্তি পরীক্ষার হলে উত্তর যায় ‘এসএমএসে’

শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

পরীক্ষা চলাকালে মোবাইল ফোনসহ ঘড়িসদৃশ বিভিন্ন ‘ইলেকট্রনিক ডিভাইস’ এর মাধ্যমে এসএমএসে বাইরে থেকে উত্তর সংগ্রহের অভিযোগে ১৫ জনকে এবং এতে সহযোগিতা করায় দুইজনকে আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান।

এদিকে প্রশ্ন ফাঁসের ‘গুজব ছড়িয়ে’ আগের রাত থেকেই হাতে লেখা ‘প্রশ্ন বিক্রির’ অভিযোগ পাওয়া গেছে, যদিও তার সঙ্গে পরীক্ষার প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি বলে ভারপ্রাপ্ত প্রক্টর জানিয়েছেন।  

বিভিন্ন কেন্দ্র থেকে আটক শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ কেন্দ্রের পরীক্ষার্থী সাদমান আহমেদ সৈকত, আজিমপুর অগ্রণী স্কুল কেন্দ্রের জাহিদ হাসান, নটর ডেম কলেজ কেন্দ্রের তারিকুল ইসলাম রাব্বী, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রের পিয়াল সরকার, নীলক্ষেত হাইস্কুল কেন্দ্রের বদিউজ্জামান জুয়েল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সৈয়দ আলমগীর কবির এবং মোহাম্মপুদ প্রিপারেটরি বয়েজ স্কুল কেন্দ্রের রাইসুল ইসলাম।

এছাড়া মোহাম্মদপুর প্রিপারেটরি গালর্স কলেজ কেন্দ্র থেকে কেএম রেজয়ানুল এহসান, ইসরাতুন কাউসার, ফারহা ফারজানা নিশাত, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ কেন্দ্র থেকে রাফিয়া হোসেন এবং ধানমণ্ডি আইডিয়াল কলেজ থেকে ফুয়াদ হাসান ও রুহুল অমিন সেতুকে আটক করা হয়।

আটক বাকি দুজনের নাম ও পরিচয় ভারপ্রাপ্ত প্রক্টর জানাতে পারেননি।

 

‘জালিয়াতচক্র’

আমজাদ আলী জানান, আটক হওয়ার পর বদিউজ্জামান নামের এক শিক্ষার্থী লিখিত জবানবন্দিতে ‘জালিয়াতিতে সহায়তাকারী’ হিসাবে খোকন নামের এক ব্যক্তির নাম উল্লেখ করেন।

বদিউজ্জামান আটক হওয়ার পর তাকে দেখতে এলে খোকনকেও আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জিজ্ঞাসাবাদে খোকন মোবাইল ফোনে উত্তর সরবরাহের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে ভারপ্রাপ্ত প্রক্টর জানান।

জনতা ব্যাংকের চকবাজার শাখার কর্মী খোকন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানিয়েছেন।

এছাড়া ‘জালিয়াত চক্রের’ সঙ্গে জড়িত সন্দেহে ধানমিন্ড আইডিয়াল কলেজ থেকে মো. রহিম নামে এক কর্মচারীকে আটক করা হয়। তিনি টাকার বিনিময়ে ভর্তিচ্ছুদের মোবাইল ফোনসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ দিচ্ছিলেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ।

প্রক্টর বলেন, “আটক সবাইকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।”

এর আগে গত ৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটজনকে আটক করে পুলিশে দেয়া হয়।

ওইদিনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলার সময় আজিমপুরের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তিনজনকে, যারা ওই সময় ‘ল্যাপটপ ও আইপ্যাড’ ব্যবহার করে বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস আকারে প্রশ্নের উত্তর পাঠাচ্ছিল বলে অধ্যাপক আমজাদ আলী জানিয়েছিলেন।

সেদিন তিনি বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘিরে একটি জালিয়াতচক্র কাজ করছে, যার পেছনে কয়েকটি কোচিং সেন্টারের সংশ্লিষ্টতা রয়েছে।

‘ভুয়া প্রশ্ন বিক্রি’

এদিকে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাত থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় ‘প্রশ্ন ফাঁসের’ গুজব ছড়িয়ে পড়ে। টাকার বিনিময়ে এই প্রশ্ন ‘বিক্রি’ হচ্ছে বলেও শোনা যায়।   

শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্রের আশেপাশে অনেকের হাতে ওই ‘প্রশ্নপত্র’ পাওয়া যায়। হাতে লেখা এমন একটি কাগজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতেও আসে।

তবে ওই কাগজে লেখা প্রশ্নের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের ‘কোনো মিল খুঁজে পাওয়া যায়নি’ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইউসুফ আলী মোল্লার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “কিছু সুযোগসন্ধানী এ ধরনের অপতৎপরতায় লিপ্ত। এটি ভুয়া প্রশ্ন। গুজব সৃষ্টিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ভর্তিচ্ছু কয়েকজন পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশ্ন মিলে গেলে এক লাখ টাকা দিতে হবে- এমন শর্তে ‘অনেকেই’ ওই প্রশ্ন সংগ্রহ করেছেন।

তবে কারা এই ‘ভুয়া প্রশ্ন’ ছড়িয়েছে সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে এক হাজার ৬৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

এ অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করেন মোট ৮০ হাজার ৪৪২ জন শিক্ষার্থী।