জবির ভর্তি পরীক্ষাকেন্দ্র থেকে ৩ জন আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজনকে আটক করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সের (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
তারা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে বাইরে থেকে প্রশ্নের উত্তর পাচ্ছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার করায় জবি ক্যাম্পাস কেন্দ্র থেকে ইমরান হোসেন ও জাহিদ এবং মোহাম্মদপুর মডেল স্কুল থেকে মাসুদ রানা নামে একজনকে আটক করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
নূর মোহাম্মদ বলেন, “আটকদের কোতোয়ালি ও মোহাম্মাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রচলিত আইনে তাদের বিচার হবে।”
৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় ৭৯০টি আসনের বিপরীতে ৬১ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী অংশ নেন।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও জালিয়াতির অভিযোগে দুই ‘সহায়তাকারী’সহ ১৭ জনকে আটক করা হয়।
গত ৫ সেপ্টেম্বরও এ দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর দিন এসএমএস-এর মাধ্যমে ‘জালিয়াতির’ অভিযোগে রাজধানীতে ১৬ পরীক্ষার্থীসহ ১৯ জনকে আটক করা হয়।
