ভর্তি পরীক্ষার হলে উত্তর যায় ‘এসএমএসে’
দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর দিন এসএমএস-এর মাধ্যমে ‘জালিয়াতির’ অভিযোগে রাজধানীতে ১৬ পরীক্ষার্থীসহ ১৯ জনকে আটক করা হয়েছে, যার পেছনে কয়েকটি কোচিং সেন্টারের সংশ্লিষ্টতা রয়েছে বলে কর্তৃপক্ষের ধারণা।
শুক্রবার ব্যবসায় শিক্ষা অনুষদের (‘গ’ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষার মধ্যেই ‘অসদুপায় অবলম্বনের জন্য’ আট পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দেয় কর্তৃপক্ষ।
এরপর বিকাল ৩টা থেকে নগরীর বিভিন্ন কেন্দ্রে শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা। একই অভিযোগে আটক হয় আরো আট পরীক্ষার্থী।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলার মধ্যেই আজিমপুরের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তিনজনকে, যারা ওই সময় ‘ল্যাপটপ ও আইপ্যাড’ ব্যবহার করে বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস আকারে প্রশ্নের উত্তর পাঠাচ্ছিল বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান।
তিনি বলেন, “গত তিনদিন ধরে এ চক্রটির ওপর নজর রাখা হচ্ছিল। আজ পুলিশের সহায়তা তাদের আটক করা হয়েছে।”
পরীক্ষা কেন্দ্রে বসে মোবাইল ফোনে প্রশ্ন-উত্তর লেনদেনের সময় আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, “ইউসিসি, ইউনিএইড (কিরণ-কবির-সুমন) ও প্যারাগন কোচিং সেন্টারের শিক্ষকদের সহায়তায় তারা এই জালিয়াতি করছিল।”
গত বছরও বাণিজ্য বিভাগে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু অন্তত ২৫ শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয়া হয়।
তখনই আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় এসএমএস-এর মাধ্যমে উত্তর সরবরাহ করার জালিয়াত চক্রের ব্যাপারে জানতে পারে পুলিশ। তখনও এই চক্রের পেছনে রাজধানীর বেশকিছু কোচিং সেন্টারের নাম উঠে আসে।
আগের কয়েক বছরের পরীক্ষায় ক্যালকুলেটরের ভেতরে মোবাইল ফোনসহ নানা ধরনের ‘ইলেকট্রনিক ডিভাইস’ লুকিয়ে এনে নকলের ঘটনা ধরা পড়ায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার হলে ক্যালকুলেটরসহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার নিষিদ্ধ করা হয়।
অধ্যাপক আমজাদ আলী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় আটক আট পরীক্ষার্থীর প্রত্যেকের কাছেই মোবাইল ফোনে টেক্সট মেসেজ আকারে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া গেছে।
এই আট শিক্ষার্থী হলেন- সাগর হোসাইন, নূরুল বাশার পায়েল, সানজানা বিনতে বশির, মো. আরিফুল ইসলাম, মো. আহাদুর রহমান, মোহাম্মদ ফয়সাল কবীর, মেহেদী হাসান ও এরশাদ খান।
সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভারপ্রাপ্ত প্রক্টর জানান, তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের মোবাইল ফোন, অতিরিক্ত সিম, প্রবেশপত্র ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড।
বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরুর পর দুটি কেন্দ্র থেকে আটজনকে আটক করা হয় বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ।
এদের মধ্যে সাতজন হলেন- রাজন, দিপু চন্দ্র রায়, প্রিতম, আশিকুজ্জামান, ইউসুফ, ইমরান ও আবুল হোসেন।
নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ব্যবহার করে এসএমএসের মাধ্যমে তারা জালিয়াতি করছিল। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় আমরা নিশ্চিত হই যে তারা এসএমএসের মাধ্যমে উত্তর পাচ্ছিল।”
এই ভর্তিচ্ছুদের কোতোয়ালি থানায় সোপর্দ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে আজিমপুরের একটি বাসায় অভিযান চালিয়ে মামুন, শান্ত ও ইমরান নামে তিনজনকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ।
পুলিশ বলছে, এই তিনজন একটি জালিয়াতচক্রের সদস্য, যারা টাকার বিনিময়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস আকারে প্রশ্নের উত্তর পাঠাচ্ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ জানান, সকালে শহীদুল্লাহ হলের সামনে একটি জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু কয়েকজনের প্রবেশপত্রসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। ওই কাগজপত্রে ঢাকা কলেজের ছাত্র মামুনের নামও পাওয়া যায়।
“জালিয়াতিতে সহযোগিতা করতে কতো লাখ টাকায় চুক্তি হয়েছে এবং কোন নম্বরে যোগাযোগ করতে হবে তাও ওই কাগজপত্রে লেখা ছিল।”
ওই তিনজনের নাম ও তথ্যের ভিত্তিতেই আজিমপুরে অভিযান চালানো হয় বলে জানান তিনি।
লালবাগ থানার এসআই আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
