২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু, জালিয়াতিতে আটক ৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 12:41 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

আটক শিক্ষার্থীদের মধ্যে একজন বিচারপতির মেয়েও রয়েছেন। তাদের প্রত্যেকের মোবাইল ফোনে টেক্সট মেসেজ আকারে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের বিভিন্ন কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হয়।

এর মধ্যে শেখ বোরহানউদ্দিন কলেজ কেন্দ্র থেকে সানজানা বিনতে বশির, বদরুন্নেসা কলেজ কেন্দ্র থেকে ফয়সাল কবির। আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে আহাদুর রহমান, ধানমন্ডির আইডিয়াল কলেজ থেকে আরিফুল ইসলাম, টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র থেকে নুরুল আফসার, আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্র থেকে মেহেদী হাসান ও এরশাদ হককে আটক করা হয়।

এছাড়া কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাস করা সাগর হোসেনের কাগজপত্র জব্দ করা হলেও তিনি দৌড়ে পালিয়ে যান।

আটকদের মধ্যে সানজানা উচ্চ আদালতের বিচারপতি এ এন এম বশির উল্লাহর মেয়ে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে বাইরে থেকে প্রশ্নের উত্তর আদান-প্রদানের সময় ওই সাতজনকে আটক করা হয়েছে। তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।”

আটকদের কাছ থেকে মোবাইল ফোন, অতিরিক্ত সিম, প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড জব্দ করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও ভারপ্রাপ্ত প্রক্টর জানান।

তিনি বলেন, “ওই পরীক্ষার্থীরা জানিয়েছে, ইউসিসি, ইউনিএইড (কিরণ-কবির-সুমন) ও প্যারাগন কোচিং সেন্টারের শিক্ষকদের সহায়তায় তারা এই জালিয়াতি করছিল।”

‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হলো। এ বছর ব্যবসায় শিক্ষা অনুষদের আটটি বিভাগে এক হাজার ১৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করে মোট ৪৯ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী।