চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধু নগর এলাকার শাহ পীর পেট্রোল পাম্পের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওমর হামজা (২০) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু অঞ্চলের বাসিন্দা নূর বশরের ছেলে।
“গোপন সংবাদের ভিত্তিতে শাহ পীর পেট্রোল পাম্পের সামনে গেলে তারা দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করে। রাশেদ পালিয়ে গেলেও ওমর হামজাকে ধরে ফেলে পুলিশ।”
এসময় তার শরীর তল্লাশি করে বাম পায়ে টেপ দিয়ে সাঁটা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানান এসআই সোলায়মান।
পালিয়ে যাওয়া রাশেদ কক্সবাজার জেলার রামু উপজেলার চৌমুহুনী দিঘীর পাড়ের বাসিন্দা বলে ওমর হামজা পুলিশকে জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা সোলায়মান বলেন, “জিজ্ঞাসাবাদে ওমর হামজা পুলিশকে জানায় এক মাস আগে সে বাংলাদেশে আসে। সে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহের কাজে জড়িত।”
তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক আইনে পৃথক দুইটি মামলা হচ্ছে বলে জানান এসআই সোলায়মান।
