হাসিনার প্রশংসায় হর্ষ বর্ধনের টুইট
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণতন্ত্রের আলোকবর্তিকা’ অভিহিত করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
এক টুইটে হাসিনাকে ‘বলিষ্ঠ সমাজ সংস্কারক’ হিসেবে অভিহিত করে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতীয় মন্ত্রীর এই উচ্ছ্বাস।
“বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ করছি। তিনি গণতন্ত্রের আলোকবর্তিকা, বলিষ্ঠ একজন সমাজ সংস্কারক। তার পরও কতো বিনয়ী, ভদ্র।”
এর আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা হর্ষ বর্ধন চিকিৎসাশাস্ত্রে প্রশিক্ষণপ্রাপ্ত। পোলিও নির্মূলে তার ভূমিকার সুনাম রয়েছে। এ বিষয়ে ‘এ টেল অফ টু ড্রপস’ নামে একটি বইও রয়েছে তার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক বৈঠকে অংশ নিতে ঢাকা সফর করছেন তিনি।
গত মঙ্গলবার ওই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার সহযোগিতা চান তিনি।
ওই সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।
গত মে মাসের নির্বাচনে জয়ী হয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট ভারতের ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদির সরকারে স্বাস্থ্যমন্ত্রী হন হর্ষ বর্ধন।
