চবির শিক্ষক বাসে হামলার পর অভিযানে আটক ২৫
শিক্ষকদের বাসে ইসলামী ছাত্রশিবিরের বোমা ছোড়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
ক্যাম্পাসের ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ছাত্রাবাসে চালানো এই অভিযানে নয়টি হাতবোমাসহ রামদা, কিরিচ, অস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া গেছে বলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ জানিয়েছেন।
বুধবার সকালে ১০টার দিকে ক্যাম্পাস সংলগ্ন হাটহাজারীর ছড়ারকুল এলাকায় শহর থেকে ক্যাম্পাসগামী শিক্ষক বাসে হাতবোমা ছোড়ে শিবিরকর্মীরা। এতে ১১ শিক্ষকসহ মোট ১৪জন আহত হন।
হামলার পরপরই পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ।
বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংলগ্ন কটেজে (ব্যক্তি মালিকানাধীন ছাত্রাবাস) অভিযান চলে, যেগুলো শিবিরের আস্তানা হিসেবে পরিচিত।
পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন কটেজে অভিযান চালিয়ে কমপক্ষে ২০ জনকে আটক করা হয়েছে।”
তিনি জানান, সোহরাওয়ার্দী হলের পাশে খতিব মঞ্জিল নামে একটি কটেজ থেকে বেশ কিছু রামদা,কিরিচ, নয়টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, পাইপগান উদ্ধার করা হয়।
সেইসঙ্গে ‘উস্কানিমূলক’ কিছু বই ও কর্মপরিকল্পনার ছকও পাওয়া গেছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
আটক ২০ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার পরপরই গ্রেপ্তার পাঁচজন হলেন- আখতারুজ্জামান, সাব্বির হাওলাদার, মো. তৌহিদ, ইমরান আলী, মো. ইউনুস।
এরা বোমা ছোড়ায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন জানিয়েছেন।
এদিকে শিক্ষক বাসে হামলায় আহতদের মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেণু কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই তারা উপাচার্যের সঙ্গে বৈঠক করেন।
উপাচার্য এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়ার পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
অধ্যাপক বেণু আরও জানান, বৃহস্পতিবার থেকে পুলিশ পাহারায় ক্যাম্পাসে বাস চলাচল করবে বলে উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন।
এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার শিক্ষক সমিতির জরুরি সভা হবে জানিয়ে তিনি বলেন, এরপর দুপুর সোয়া ১টায় শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হবে।
গত ২৪ অগাস্ট ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রলীগকর্মীদের মধ্যে গুলি বিনিময়ের পর সোহরাওয়ার্দী হলে অভিযান চালায় পুলিশ। এ সময় বেশকিছু পেট্রোল বোমা ও পাথর উদ্ধার করা হয়।
ছাত্র শিবিরকর্মীদের নিয়ন্ত্রণে থাকা এ হলটি পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন্ধ করে দেয়।
এছাড়া গত ১২ জানুয়ারি শিবির-ছাত্রলীগের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সিলগালা করে দেওয়া হয় শাহ আমানত হল। এই হলটিও শিবিরকর্মীদের নিয়ন্ত্রণে ছিল।
এরপর হল খুলে দেওয়ার দাবিতে ‘হলের আবাসিক শিক্ষার্থী’ নামে শিবিরকর্মীরা ৩১ অগাস্ট থেকে থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেয়।
এই ধর্মঘটের প্রথম দিন চৌধুরীহাট স্টেশনে শাটল ট্রেনে ককটেল ছোড়ে ধর্মঘটীরা। পরদিন একই এলাকায় শিক্ষকবাস ভাংচুর করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহর থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে করে শিক্ষকরা ক্যাম্পাসে যাচ্ছিলেন।
সকাল ১০টার দিকে বাসগুলো ছড়ারকুলের আগে বালির টাল এলাকায় পৌঁছালে একদল যুবক সামনের দুই বাসে হামলা করে।
এর মধ্যে একটি বাসে থাকা মার্কেটিং বিভাগের প্রভাষক এইচ এম কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষর্থীদের নামে ছাত্রশিবিরই এ ধর্মঘট ডেকেছে। তারাই বাসে বোমা হামলা চালিয়েছে।”
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বলেন, “অটোরিকশায় করে এসে একদল যুবক শিক্ষক বাসে হাতবোমা হামলা চালায় বলে আমরা জানতে পেরেছি। হলের সাধারণ ছাত্রদের নামে শিবির ধর্মঘট আহ্বান করেছে। তাই শিবিরই এ হামলা চালিয়েছে বলে ধারণা করছি।”
