২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক বাসে শিবিরের বোমা, আহত ১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে শিবিরকর্মীদের ছোড়া হাতবোমায় শিক্ষকসহ ১৪ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 11:36 AM

Updated : 13 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

চবির শিক্ষক বাসে হামলার পর অভিযানে আটক ২৫

বিশ্ববিদ্যালয়ের দুটি হল খুলে দেওয়ার দাবিতে ছাত্র ধর্মঘটের মধ্যে বুধবার সকালে হাটহাজারি সড়কের ছড়ারকুল এলাকায় এই হামলার পর পাঁচজনকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।

আহতদের মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ির চালকসহ বাকি পাঁচজনকে মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিক্যাল অফিসার কাজী মো. সাইফুল্লাহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহর থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে করে শিক্ষকরা ক্যাম্পাসে যাচ্ছিলেন।

সকাল ১০টার দিকে বাসগুলো ছড়ারকুলের আগে বালির টাল এলাকায় পৌঁছালে একদল যুবক সামনের দুই বাসে হামলা করে।

এর মধ্যে একটি বাসে ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক এইচ এম কামরুল হাসান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ছয়-সাতজন যুবক হঠাৎ বাসের সামনে এসে ঢিল ও ককটেল ছোড়া শুরু করে। চালক দ্রুত চালিয়ে সেখান থেকে সরে এলেও বাসের সামনের সারিতে থাকা শিক্ষকরা আহত হন। 

“সাধারণ শিক্ষর্থীদের নামে ছাত্রশিবিরই এ ধর্মঘট ডেকেছে। তারাই বাসে বোমা হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই এতে জড়িত। ”

চট্টগ্রাম মেডিক্যালে নেয়া নয়জন হলেন- প্রাণ রসায়ন বিভাগের প্রভাষক সোনাম আক্তার ও সুনন্দা বৈদ্য, ফলিত পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক সাবরিনা আলম, সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক ফাতেমা-তুজ-জোহরা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শিরিন আরা চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা হালিমা বেগম, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রওশন আরা আফরোজ, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপাক মো. আশরাফুজ্জামান ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী অমৃতা নাগ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নয় জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চারজন সাউন্ড ইফেক্টের কারণে কানের সমস্যার ভুগছেন। একজন অর্থোপেডিক বিভাগে ও অন্য তিন জন ক্যাজুয়ালটিতে ভর্তি আছেন। তাদের হাতে-পায়ে স্প্লিন্টারের ক্ষত আছে।”

হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বলেন, “অটোরিকশায় করে এসে একদল যুবক শিক্ষক বাসে হাতবোমা হামলা চালায় বলে আমরা জানতে পেরেছি। হলের সাধারণ ছাত্রদের নামে শিবির ধর্মঘট আহ্বান করেছে। তাই শিবিরই এ হামলা চালিয়েছে বলে ধারণা করছি।”

হামলার ঘটনার পর পুলিশ পাঁচজনকে আটক করেছে জানিয়ে হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজামউদ্দিন বলেন, “তাদের মধ্যে দুজন হামলায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

গত ২৪ অগাস্ট ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগকর্মীদের মধ্যে গুলি বিনিময়ের পর ‘সোহরাওয়ার্দী’ হলে অভিযান চালায় পুলিশ। এ সময় বেশকিছু পেট্রোল বোমা ও পাথর উদ্ধার করা হয়।

পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামী ছাত্র শিবিরকর্মীদের নিয়ন্ত্রেণে থাকা এ হলটি বন্ধ করে দেয়।

এছাড়া গত ১২ জানুয়ারি শিবির-ছাত্রলীগের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সিলগালা করে দেয়া হয় ‘শাহ আমানত হল’। এ হলটিও শিবির কর্মীদের নিয়ন্ত্রণে ছিল।

এরপর হল খুলে দেয়ার দাবিতে ‘হলের আবাসিক শিক্ষার্থী’ নামে শিবিরকর্মীরা বিভিন্ন গণম্যাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়ে ৩১ অগাস্ট থেকে থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেয়।

এই ধর্মঘটের প্রথম দিন চৌধুরীহাট স্টেশনে শাটল ট্রেনে ককটেল ছোড়ে ধর্মঘটকারীরা। পরদিন একই এলাকায় শিক্ষকবাস ভাংচুর করা হয়।

এছাড়া গত ৪ সেপ্টেম্বর নগরীর পাহাড়তলী ইস্পাহানি রেল ক্রসিং এলাকাতেও একটি বাস ভাংচুর করে তারা।