চট্টগ্রামে শাশুড়িকে হত্যার অভিযোগে গৃহবধূ গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শাশুড়িকে গলাকেটে হত্যার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নে নিহত সোহাগ খাতুন (৫৫) ওই এলাকার ফজলুল হকের স্ত্রী।
রাতেই ঘটনা ঘটনাস্থল থেকে তার পুত্রবধূ নাঈমা দিন লিজাকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।
পরিদর্শক কামাল বলেন, বাড়িতে লিজা, তার শ্বশুর-শাশুড়ি ও এক দেবর থাকতেন। লিজার স্বামী জসিম উদ্দিন নগরীর সিটি গেইট এলাকায় ট্রাকের কাঠামো তৈরির কাজ করেন। তিনি নগরীতে থাকেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক কামাল হোসেন আরো বলেন, “এসময় লিজা ছোরা হাতে বসে ছিল। মাত্র তিন মাস আগে জসিম উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। শাশুড়ির সঙ্গে লিজার সম্পর্ক ভালো ছিল বলেই প্রতিবেশীরা জানিয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় সোহাগ খাতুনের স্বামী ফজলুল হক বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান তিনি।
কামাল হোসেন বলেন, লিজার হাত কেটে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
