সাংসদ এনামুলকে দুদকে জিজ্ঞাসাবাদ
নির্বাচনী হলফনামায় অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অনুসন্ধান কাজের অংশ হিসেবে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় আওয়ামী লীগ সংসদ সদস্য এনামুলকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে এনামুল সাংবাদিকদের বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কোনো অবৈধ সম্পদ নাই।
“আমি একজন ব্যবসায়ী। আমার যা কিছু আছে, তার সবই বৈধ এবং ব্যবসার মাধ্যমে এসেছে।”
রাজনীতি করে অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করেননি বলে দাবি করেন এই সংসদ সদস্য।
দশম জাতীয় সংসদের নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের তথ্যের ভিত্তিতে বিগত মহাজোট সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যদের অস্বাভাবিক আয় বাড়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর গত ১২ জানুয়ারী তাদের বিষয়ে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেয় দুদক।
তালিকায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এবং সংসদ সদস্য এনামুল হক, আসলামুল হক, আব্দুর রহমান বদি ও আব্দুল জব্বারের নাম রয়েছে। এদের মধ্যে আবদুল মান্নান খান ছাড়া বাকি ছয়জন বর্তমান সংসদে প্রতিনিধিত্ব করছেন।
তাদের সম্পদ অনুসন্ধানের জন্য গত ২২ জানুয়ারি কমিশনের এক বৈঠকে সম্পদ অনুসন্ধানে কর্মকর্তাও নিয়োগ করে দুদক।
তালিকায় থাকা রাজশাহীর সংসদ সদস্য এনামুল হক ছাড়া সবাইকে আগেই দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলাও করেছে দুদক।
