২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মোটরযান শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 12:42 AM

Updated : 22 Aug 2022, 07:04 PM

নিহত মো. ইয়াসিন (১৮) মিরপুরের দক্ষিণ পীরেরবাগের পাবনা গলির বাসিন্দা ছিলেন। বাসার পাশেই একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে তিনি কাজ করতেন।

রোববার সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগের আমতলা এলাকায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।  

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “রাত সাড়ে ৮টায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”

নিহতের মা সেলিনা বেগমের বরাত দিয়ে মোজাম্মেল জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হন ইয়াসিন। এর কিছুক্ষণ পরই সেলিনা শুনতে পান পীরেরবাগের আমতলায় ইয়াসিন পড়ে আছেন। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পান, কে বা কারা ইয়াসিনের পিঠে ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত করেছে।

প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনায় স্বর্ণব্যবসায়ীর মৃত্যু

বন্ধুর বাড়িতে যাওয়ার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ী জহিরুল ইসলামের (৩৫)।    

রোববার রাতের এই ঘটনায় নিহত জহিরুল গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটের ‘মা সিলভার জুয়েলার্সের মালিক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে উত্তরবাড্ডার সাতারকুল রোডের একটি বাসায় থাকতেন। তার দেশের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, “রাত ১১টায় জহিরুলকে গুরুতর আহত অবস্থায় এখানে আনা হলে, কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।”

জহিরুলের স্ত্রী তাসলিমা বেগমের বরাত দিয়ে মোজাম্মেল বলেন, “রাত ১০টায় এক বন্ধুর সঙ্গে দেখা করবে বলে বাসা থেকে বের হয়ে রিকশা নেন জহিরুল। রামপুরা ব্রিজের কাছে তার রিকশাকে একটি বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি।”

এরপর স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

তিন ভাই দুই বোনের মধ্যে জুয়েল তৃতীয় ছিলেন বলেও পুলিশকে জানিয়েছেন তার স্ত্রী।

পরীবাগে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সন্ধ্যায় রাজধানীর পরীবাগ এলাকায় ‘সংসদ সদস্য’ স্টিকারযুক্ত এক গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে জেড এম সালেহ এক ব্যক্তিকে আটক করে র‌্যাব ১।

পরে রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, আটক সালেহ-এর গাড়িটির কোন রেজিস্ট্রেশন নম্বর না থাকায় সন্দেহ হলে তাকে থামায় টহলরত র‌্যাবের দল।

মার্সিডিজ ব্র্যান্ডের ওই গাড়িটিতে ‘সংসদ সদস্য’ স্টিকার লেখা থাকলেও কোন বৈধ কাগজপত্র সালেহ দেখাতে পারেননি। ফলে গাড়িটিতে তল্লাশি  চালায় র‌্যাবের দল।

তল্লাশির পর গাড়ি থেকে  ৩ হাজার ইউরো, প্রায় ৮ হাজার ইউএস ডলার, ৮ লাখ টাকা, সাড়ে ৭ হাজার সৌদি রিয়েল, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আটক গাড়িটির মূল্য আনুমানিক দুই কোটি টাকা।”

তবে সালেহ-এর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ।

তিনি বলেন, “তাকে এখনো ঠিকমত জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদের পরই তার প্রকৃত পরিচয় এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আমরা জানাতে পারবো।