২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডের কর্মবিরতিতে সেবিকারা, ভোগান্তি

সহকর্মীকে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সেবিকারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 11:56 AM

Updated : 25 Apr 2022, 04:39 PM

শনিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ছয় তলার গাইনি ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসক রকিবুল ইসলাম সুজন জ্যেষ্ঠ সেবিকা বকুল রানী দাসকে মারধর করেন।

এর পরপরই কাজ বন্ধ করে দেয় ৬০০ শয্যার হাসপাতালের সেবিকারা।

অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষানবিশ চিকিৎসককে বরখাস্ত করা হলেও তাকে চিকিৎসা সনদ না দেওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন সেবিকারা।

রোববার সকাল ৯টা থেকে প্রধান ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আন্দোলনরত সেবিকারা জানান, জরুরি সেবা দেওয়ার জন্য ১২ জন নার্স দায়িত্বে রয়েছেন।

এদিকে হাসপাতালের উপ-পরিচালক আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টার্ন চিকিৎসক রকিবুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

তদন্তের পর সুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দ্বিতীয় দিনের মতো আন্দোলনের কারণে কী পদক্ষেপ নিয়েছেন জানতে ইউসুফ বলেন, “১২টা পর্যন্ত নার্সরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করবেন। তাদের সময় কমিয়ে আনার চেষ্টা করছি।”

সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগে রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। শনিবারও এ সংখ্যা ছিল অনেক বেশি।

সাহিদা নামে একজন সন্তান সম্ভবা নারী সকালে কেরানীগঞ্জ থেকে এসেছেন ভর্তি হতে। শেষমেশ ভর্তি হলেও বিক্ষোভের কারণে ভেতরে ঢুকতে অনেক কষ্ট হয়েছে বলে জানান তিনি।

সাময়িক বরখাস্তের পরও কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে বিক্ষোভে থাকা জসিম উদ্দিন নামে একজন ব্রাদার বলেন, “ওই ইন্টার্ন চিকিৎসককে যেন সনদ না দেওয়া হয়, সেজন্য আমরা আন্দোলন করছি।”