স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি আবের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
শনিবার দুপুরে ঢাকা পৌঁছানোর পর সফরসঙ্গীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান আবে।
দুপুর ২টায় স্মৃতিসৌধে পৌঁছে ফুল দিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর সেখানে পরিদর্শন বইতে সই করেন তিনি।
পরে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সোয়া ২টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন শিনজো আবে।
জাপানের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। বন্ধ রাখা হয় দর্শনার্থীদের প্রবেশ।
এক যুগেরও বেশি সময় পরে জাপানের কোনো প্রধানমন্ত্রী হিসেবে শনিবার বেলা ১টার দিকে দুই দিনের সফরে সস্ত্রীক ঢাকা পৌঁছান শিনজো আবে।
জাপানের প্রধানমন্ত্রীর এই সফরের মধ্যে দিয়ে ঢাকা-টোকিও ‘সমন্বিত সম্পর্কে’ গতি আসবে বলে মনে করছে সরকার। গত মে মাসে জাপান সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অগ্রগতির আভাস দিয়েছিলেন।
আবের সফরের আগের দিন এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন,বাংলাদেশকে দেয়া জাপানি সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে শিনজো আবের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত মে মাসে শেখ হাসিনার টোকিও সফরের সময় আগামী চার/পাঁচ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বাংলাদেশকে প্রায় ছয়শ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দেয় জাপান।
বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশের প্রধানমন্ত্রীর এই সফরের পর জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে জাপানের বাণিজ্য বিষয়ক একটি পত্রিকা লিখেছে, চীনকে টপকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জাপান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে শিনজো শনিবার জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন।
দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আলোচনায় বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি।
মাহমুদ আলী বলেন,“আশা করছি জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো, আইটি, বস্ত্র ও পোশাক খাত, ওষুধ শিল্প এবং অটোমোবাইল খাতে বিনিয়োগে আগ্রহী হবেন।
“টোকিও সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার যে আহ্বান জানিয়েছিলেন, আবের সফরে সে বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা করছে ঢাকা।”
বাংলাদেশে ‘পিস বিল্ডিং সেন্টার’ স্থাপনে জাপানের সহায়তা দেয়ার বিষয়েও শিনজো আবের সফরের সময় আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রশিক্ষণের বিষয়ে বাংলাদেশ, জাপান ও জাতিসংঘের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
