২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবের অপেক্ষায় ঢাকা

এক যুগেরও বেশি সময় পরে জাপানের কোনো প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবেকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 12:18 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

জাপানি প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটটি শনিবার বেলা ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

আবের এই সফরের মধ্য দিয়ে ঢাকা-টোকিও ‘সমন্বিত সম্পর্কে’ গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত মে মাসে শেখ হাসিনার জাপান সফরের সময়েও এ ধরনের সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন দুই নেতা।

তার সফরের আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, বাংলাদেশকে দেয়া জাপানের আর্থিক ও কারিগরি সহায়তা বাড়ানোর বিষয়টি জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে।  

গত ১৪ বছরের মধ্যে এটাই হবে জাপানের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে ২০০০ সালের অগাস্ট বাংলাদেশ সফরে এসেছিলেন জাপানের সেসময়ের প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি।

এবার জাপানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছে ১৫০ জনের বিশাল বহর। এর মধ্যে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ৫০ কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদেরও একটি বড় দল থাকবে।

শেখ হাসিনার টোকিও সফরের তিন মাসের মধ্যে জাপানের প্রধানমন্ত্রীর পাল্টা সফর দুই দেশেই গুরুত্ব পাচ্ছে।

জাপানের বাণিজ্য বিষয়ক একটি পত্রিকা লিখেছে, চীনকে টপকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জাপান।

জাপান সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অগ্রগতির আভাস দিয়েছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, বাংলাদেশকে দেয়া জাপানি সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে শিনজো আবের আসন্ন সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সফরের পর জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবে- এমনটাই আশা পররাষ্ট্রমন্ত্রীর।

তিনি জানান, সফরকালে শিনজো আবে শনিবার জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন। 

দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আলোচনায় বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান মন্ত্রী।

বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠায় বাংলাদেশ এরই মধ্যে জাপানকে ৫০০ একর  জমি দিতে সম্মত হয়েছে।

মাহমুদ আলী বলেন, “আশা করছি জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো, আইটি, বস্ত্র ও পোশাক খাত, ওষুধ শিল্প এবং অটোমোবাইল খাতে বিনিয়োগে আগ্রহী হবেন।

“টোকিও সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার যে আহ্বান জানিয়েছিলেন, আবের সফরে সে বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা করছে ঢাকা।”

বাংলাদেশে ‘পিস বিল্ডিং সেন্টার’স্থাপনে জাপানের সহায়তা দেয়ার বিষয়েও শিনজো আবের সফরের সময় আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রশিক্ষণের বিষয়ে বাংলাদেশ, জাপান ও জাতিসংঘের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগীতার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

দুই দেশের সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের ভিসামুক্ত সুবিধা দেয়ার ব্যাপারেও আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আবের সফরসূচি

বিমানবন্দর থেকে শিনজো আবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। 

সেখান থেকে ফিরে তিনি ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের শীর্ষ বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন।

সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে অংশগ্রহণের আগে শিনজো আবের সঙ্গে তার হোটেলকক্ষে সাক্ষাৎ করবেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

তিনি ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল (বিএমআইএস) এবং ঢাকা নার্সিং কলেজও পরিদর্শন করবেন।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট পরিদর্শন করবেন জাপানের প্রধানমন্ত্রী।

এরপর সকাল সাড়ে ১০টায় জাপানি প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

 

পুরনো খবর:

আবের সফর দিয়ে ঢাকা-টোকিও সম্পর্কে গতির আশা