খিলগাঁওয়ে গুলি: মামলায় আসামি অজ্ঞাত, ওসি প্রত্যাহার
রাজধানীর খিলগাঁওয়ে বাবা-ছেলেকে গুলি করে ৪৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, সরিয়ে দেয়া হয়েছে ওই এলাকার ওসিকে।
গুলিতে নিহত শরীফ হোসেন সায়মনের চাচা মজিবুর রহমান শুক্রবার বিকালে খিলগাঁও থানায় এ মামলা করেন বলে থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান জানান।
মামলায় অজ্ঞাত পরিচয় ‘দুই-তিনজনকে’ আসামি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে শুক্রবার সকালে ওই থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখকেও প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে গোড়ান ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী ইসরাইল হোসেন ও তার ছেলে শরীফ হোসেন সায়মন।
ছিনতাইকারীদের গুলিতে দুজনই আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সায়মনকে (২৮) মৃত ঘোষণা করেন।
দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় শুক্রবার সকালে খিলগাঁও থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আশরাফুজ্জামান জানান।
ইসরাইল হোসেনের বড় ভাই মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, তাদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের সুজাপুরে হলেও অনেক দিন ধরেই তারা গোড়ান এলাকায় বাড়ি কিনে বসবাস করে আসছেন।
তিনি বলেন, “এলাকায় আমাদের সঙ্গে কারও জমি-জমা নিয়ে বিরোধ কিংবা ঝগড়া ছিল না।”
মূলত টাকা নিতেই এই গুলির ঘটনা ঘটে বলে মনে করেন সায়মনের চাচা।
দুর্বৃত্তদের ছোড়া চারটি গুলি ইসরাইলের হাতে ও পায়ে লাগে। আর বুকে একটি গুলি লেগে মারা যান সায়মন।
পুলিশ ছিনতাইয়ের বিষয়টি মাথায় রেখে তদন্ত চালালেও এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
তিনি বলেন, “এ পর্যন্ত তদন্তে ঘটনাটি ছিনতাই মনে হচ্ছে। ঘটনার সময় ৪৮ লাখ টাকা দুর্বৃত্তরা নিয়ে যায় বলে হতাহতদের স্বজনরা জানিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশের এই পরিদর্শক জানান, শনিবার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইসরাইলের হাতে ও পায়ে অস্ত্রোপচার করা হবে।
“সায়মনের লাশ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার বাবা সুস্থ হওয়ার পর তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে।”
মগবাজারে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে খুনের পর সপ্তাহ না গড়াতেই বৃহস্পতিবার গোরান ফায়ার স্টেশনের কাছে এই হত্যাকাণ্ড ঘটে।
গত ২৮ অগাস্ট মগবাজারে তিন খুনের একদিন আগেই রাজধানীর পূর্ব রাজাবাজারে বাড়িতে ঢুকে গলা কেটে হত্যা করা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা নুরুল ইসলাম ফারুকীকে।
