২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা বন্ধের তাগিদ প্রধানমন্ত্রীর

নয়া দিল্লির প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্তে হত্যাকাণ্ড দ্রুততম সময়ের মধ্যে শূন্যের কোটায় নামিয়ে আনতে ভারতকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 09:21 PM

Updated : 25 Apr 2022, 04:38 PM

প্রতিবেশী দেশটির স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী বুধবার দেখা করতে গেলে তিনি বলেন, “সীমান্ত হত্যা দ্রুত শূন্যের কোটায় নিয়ে আসতে হবে।”

স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নিতে ঢাকায় আসা অনীল দুপুরে আনুষ্ঠানিক আলোচনার পর বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

সন্ধ্যায় তিনি যান জাতীয় সংসদ ভবনে, সেখানেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে ভারতের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেয়া হলেও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। তবে নয়া দিল্লি বলছে, সীমান্তে হত্যাকাণ্ড এখন কমে এসেছে।

অনীল গোস্বামী স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের আলোচনার বিষয়বস্তু শেখ হাসিনার কাছে তুলে ধরেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

সীমান্ত সমস্যা সমাধানে উভয় দেশের সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসকদের নিয়মিত বৈঠক আয়োজনের আলোচনার কথাও প্রধানমন্ত্রীকে জানানো হয়।

ভারতের হায়দরাবাদে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশের পুলিশের সদস্যদের প্রশিক্ষণের বিষয়েও আগ্রহের কথা বাংলাদেশের সরকার প্রধানকে জানান অনীল গোস্বামী।

প্রধানমন্ত্রী এসময় সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্সের’ কথা ভারতের স্বরাষ্ট্র সচিবকে জানান।

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের ভূখণ্ড কখনোই কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতে দেওয়া হবে না।”

মাদককে এই অঞ্চলের একটি বড় সমস্যা হিসাবে তুলে ধরে তা পাচার রোধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারের যৌথ উদ্যোগের ওপরও জোর দেন তিনি।

সাক্ষাতের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএফএসের মহাপরিচালক ডি কে পাঠক এবং ঢাকায় ভারতের রাষ্ট্রদূত পংকজ সরণ উপস্থিত ছিলেন।