ঢাকায় কয়েক ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাট
রাজধানীর বেশ কয়েকটি এলাকা বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কয়েক ঘণ্টা ছিল বিদ্যুৎবিহীন।
বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রামপুরা, খিলগাঁও, বাসাবো ধানমণ্ডিসহ কয়েকটি এলাকার বাসিন্দারা বিদ্যুৎ ছাড়াই কাটিয়েছেন।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ডিপিডিসি) জানিয়েছে, রামপুরা সাব-স্টেশনে জটিলতা দেখা দেয়ার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
রামপুরা বাজার এলাকার মাহবুব সুমন জানান, ওই এলাকায় বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে রামপুরার ১৩২ কিলোভোল্টের গ্রিড সাব-স্টেশনটির একটি ব্রেকার নষ্ট হয়ে যায়।
“ওই সাব-স্টেশনের আওতায় থাকা কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবাহরে বিঘ্ন ঘটে। তবে রাত ৮টার পরই সমস্যার সমাধান হয়ে যায়।”
রামপুরা সাব-স্টেশনের আওতায় ধানমণ্ডি, রামপুরা, বাসাবোসহ আরো কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানান নজরুল।
