লতিফের আনুষ্ঠানিক অভিযোগ দেখে জামিনের বিষয়ে আদেশ
আনুষ্ঠানিক অভিযোগপত্র দেখার পর বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদারের জামিন বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
আব্দুল লতিফের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, লতিফ তালুকদারের বিরুদ্ধে এ মামলার ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করার পর নথিপত্র দেখে সিদ্ধান্ত নেয়া হবে যে তাকে জামিন দেওয়া যায় কি না।
এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর আব্দুল লতিফ তালুকদার,সিরাজ মাস্টার ও খান আকরামের বিরুদ্ধে মামলার চুড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দিন নির্ধারিত রয়েছে।
গত ১০ জুন ট্রাইব্যুনালের কাছে আব্দুল লতিফ তালুকদারসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। ওই দিন শুনানির পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
এর পরদিন ট্রাইব্যুনালে হাজির করা হলে তার পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়ে লতিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
গত ১৬ অগাস্ট লতিফ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেইফ হোমে নেয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান প্রসিকিউটর সৈয়দ সাইয়্যেদুল হক সুমন।
১৮ অগাস্ট তদন্ত সংস্থার সুবিধামতো যে কোনো একদিন লতিফকে সেফ হোমে নিয়ে তার আইনজীবী ও একজন চিকিৎসকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয় ট্রাইব্যুনাল।
একইসঙ্গে লতিফ তালুকদারের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন জামিনের আবেদন করলে ২০ অগাস্ট ওই আবেদনের শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। ২০ অগাস্ট শুনানির পরে বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিলো।
গত ২৫ অগাস্ট আব্দুল লতিফ তালুকদার,শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার এবং আকরাম হোসেন খানের বিরুদ্ধে একাত্তরে মানবতারিবোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হয়েছে বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গ্রেপ্তার হওয়া আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা এবং ২০০ জনকে ধর্মান্তরের অভিযোগ রয়েছে।
২০০৯ সালে নিমাই চন্দ্র দাস নামে স্থানীয় এক হিন্দু বাদী হয়ে আব্দুল লতিফ তালুকদার, আকরাম হোসেন, সিরাজ মাস্টারসহ ২০-৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলাটি দায়ের করেন। এরপর এ মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়।
