লালপুরে ব্যবসায়ী খুন
নাটোরের লালপুর উপজেলায় এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে খুনের পর লাশ মাটি চাপা দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, বুধবার সকালের দিকে পালিদহ এলাকায় লালপুর-ঈশ্বরদী সড়কের ধারে বৈদ্যুতিক খুঁটির পাশের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার হয়।
নিহত শরিফুল ইসলাম (৩২) রাজশাহীর বাঘা উপজেলার বাউশা মিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঈশ্বরদী শহরে একটি বাড়ি ভাড়া করে হার্ডওয়ারের ব্যবসা করতেন।
“মাটিতে উল্টো পুঁতে রাখা নিহতের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। পরে উদ্ধার করে পকেটে থাকা কাগজপত্র ও মোবাইল থেকে লাশ শনাক্ত করা হয়।
শরিফুলের সঙ্গে থাকা মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যাচ্ছে না জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তবে পকেটে টাকা ও মোবাইল ফোনটি পাওয়া যাওয়ায় ঘটনাটি ছিনতায়ের কি না তাও বোঝা যাচ্ছে না।”
নিহতের ভাই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাত থেকে তার ভাইয়ের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। কিছুদিন ধরে একজন পাওনাদারের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা বলতে পারবো না।”
লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
