গণপদযাত্রা করবে জাতীয় আদিবাসী পরিষদ
চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী নেত্রী বিচিত্রা তির্কীর উপর হামলাকারীদের বিচারসহ কয়েকটি দাবিতে গণপদযাত্রা করবে জাতীয় আদিবাসী পরিষদ।
ভূমি দস্যুদের দ্রুত গ্রেপ্তার, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনেরও দাবি রয়েছে তাদের।
মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের টাউনক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি এ ঘোষণা দেয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আড্ডা থেকে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে বুধবার এ গণপদযাত্রা করবে তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিনা চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণপদযাত্রায় রাজশাহীর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
লিখিত বক্তব্যে রবীন্দ্রনাথ সরেন বলেন, উত্তর পশ্চিমাঞ্চলে ৩৮টির বেশি আদিবাসী জাতি সত্ত্বার প্রায় ১৫ লক্ষাধিক মানুষ বসবাস করে। স্বাধীনতার ৪৩ বছরেও আদিবাসীদের আর্থ সামাজিক উন্নয়ন হয়নি বরং আদিবাসীরা নিঃস্ব হয়েছে। তাদের সঙ্গে নিপীড়ন, নির্যাতন, হত্যা, ধর্ষণ, জমি জবর দখল ও বসত ভিটা থেকে উচ্ছেদের মত ঘটনা ঘটছে।
বর্তমান সরকার আদিবাসীদের জমি, জলাধার এবং বন এলাকায় সনাতনি অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন গঠনের কথা বললেও সরকার নির্বাচনী অঙ্গীকার বরখেলাপ করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হিসেবে অবহিত করেছে সরকার।”
গত ৪ অগাস্ট জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ও গোমস্তাপুর উপজেলার পার্বতিপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিচিত্রা তির্কীকে তার জমিতে কাজ করার সময় জিনারপুর গ্রামের ভূমি দস্যুরা হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। এছাড়াও তার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।
