২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ছাত্রদের মারধর তদন্তে কমিটি

নাটোরের সিংড়া উপজেলায় আট ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রীর নির্দেশে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 08:35 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা ক্লাশ বর্জন করেছে।

রোববার ওই বিদ্যালয়ের তিন শিক্ষক এই আট ছাত্রকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে। তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

শিক্ষার্থীরা জানায়, দশম শ্রেণির শিক্ষার্থীরা গণিত বিষয়ে প্রাইভেট পড়ার জন্য প্রায় এক মাস ধরে ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের কাছে একটি কক্ষ বরাদ্দ চেয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ৯টায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী একটি কক্ষের আবেদন জানায় সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের কাছে।

তারা জানায়, ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক (বর্তমানে অন্য একটি বিদ্যালয়ে কর্মরত) খালেদ স্যারের কাছে বিকাল ৫টায় তাদের প্রাইভেট পড়ার কথা।

এতে সহকারী প্রধান শিক্ষক কক্ষ বরাদ্দ দিতে অস্বীকার করায় ছাত্রদের সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষক লুৎফর রহমা, তার ভাই সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক ফায়সাল ইসলাম ছাত্রদের বেত দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করেন।

পরে স্থানীয়রা আহত ছাত্র মাসুদ রানা (১৪), সোহেল রানা (১৪), সবুজ (১৩), খাইরুমল ইসলাম (১৪), রিপন (১৩), বাবু (১৪), ময়নুল (১৩) ও সুমনকে (১৩) উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই প্রধান শিক্ষক ও তার ভাইকে স্কুলের মধ্যে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী জানান, এই ঘটনাটি জানার পর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ফোনে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক শারমিন ফেরদৌস চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সেই নির্দেশের পর সকালেই নাটোরের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আব্দুল খালেককে প্রধান করে তাকেসহ (মুসহাক আলী) দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

মুসহাক আলী আরো বলেন, “তদন্ত কমিটি গঠনের পরপরই আমরা স্কুলে এসেছি। আমরা প্রধান শিক্ষক ও অভিযোগকারী ছাত্রদের জবানবন্দি নিয়েছি। প্রাথমিক তদন্তে আমরা ছাত্রদের মারপিটের ঘটনার সত্যতা পেয়েছি। শিক্ষকরাও তাদের ভুল বুঝতে পেরেছেন।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা আরও বলেন, সোমবার থেকে ওই বিদ্যালয়ের কক্ষে সব ধরনের প্রাইভেট পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগকারী ছাত্রদের কক্ষ বরাদ্দের দাবিও অগ্রাহ্য করা হয়েছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা কারও ব্যক্তিস্বার্থে ব্যবহার করার সুযোগ নাই।

এদিকে ছাত্ররা মারপিটের ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার ক্লাশ বর্জন করেছে।

আহত ছাত্র মাসুদ রানা জানায়, তারা ঘটনার বিচার চায়। তবে এ ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ করবে না।