২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা সেবনে চট্টগ্রামে তিন জনের দণ্ড

ইয়াবা সেবনের অপরাধে চট্টগ্রামে নগরীতে তিন মাদকসেবীকে পৃথক মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 07:18 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

সোমবার বিকালে নগরীর আগ্রাবাদ মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের এ সাজা দেয়া হয়।

সাজাপ্রাপ্তরা- আবু তাহের (৪২), মো. ইসমাইল (২০) ও বাবর রায়হান (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে মৌলভী পাড়ায় সাজাপ্রাপ্ত আবু তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপার্দ করা হলে ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন আবুকে এক বছর এবং ইসমাইল ও বাবরকে দুই মাস করে কারাদণ্ড দেন বলে জানিয়েছেন ইমরুল।

তিনি জানান, এর আগেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অভিযানে আবুকে গ্রেপ্তার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল।

সাজা শেষে বের হয়ে আবু আবারও ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছে বলে জানান ইমরুল।