ঢাকায় অস্ত্রসহ ৭ ‘চাঁদাবাজ’ আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর রামপুরার একটি বাসা থেকে পিস্তলসহ সাত জনকে আটক করেছে র্যাব।
র্যাব ৩-এর অপারেশন অফিসার এএসপি রবিউল করিম জানান, রোববার গভীর রাতে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ওই বাসায় অভিযান চালানো হয়।
আটক সাতজন হলেন- মো. জহিরুল ইসলাম (৩২), মো. ফেরদৌস মিয়া (৩০), মো. হুমায়ূন কবির বাবু (২৪), ওমর ফারুক রিমন (২৫), মো হোসেন (২৪), মো রাসেল (২৫) ও রাজু করিম (২৪)।
তাদের কাছ থেকে একটি পিস্তল, ১৫টি গুলি, ছয়টি ছোরা, ৭০ ক্যান বিয়ার, ১৩টি মোবাইল সেট ও ১৬টি সিমকার্ড উদ্ধার হয় বলে এএসপি রবিউল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজীসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল।”
তাদের বিরুদ্ধে রামপুরা থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
