২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিনেও উদ্ধার হয়নি ডুবোচরে আটকেপড়া  লঞ্চ

দুদিন পার হতে চললেও উদ্ধার করা যায়নি চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর ডুবোচরে আটকেপড়া লঞ্চ ‘এমভি সাত্তার খান-১’।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 03:58 PM

Updated : 25 Apr 2022, 04:35 PM

রোববার দুপুরে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. মোবারক হোসেন জানান, বিআইডব্লিউটিএ শনিবার সন্ধ্যায় ‘অগ্রবাহক’ নামের একটি ছোট আকৃতির উদ্ধার যান পাঠালেও তা দিয়ে উদ্ধার করা যায়নি।

তিনি বলেন, “লঞ্চটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।  উল্টো উদ্ধার যানটি ঘটনাস্থলে গিয়ে কিছু সময়ের জন্য ডুবোচরে আটকা পড়ে। পরে আবার চাঁদপুর চলে আসে।”

মেঘনা নদীতে জোয়ারের পানি বাড়লে ডুবোচর থেকে লঞ্চটি বের হতে পারবে। এতেও যদি না হয় তখন ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর খনন করে উদ্ধার করতে হবে।

মোবারক হোসেন আরো জানান, অতিরিক্ত যাত্রীবহনের দায়ে লঞ্চ ও কাগজপত্র জব্দ এবং সকল কর্মচারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমভি সাত্তার খান-১ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে সহস্রাধিক যাত্রী নিয়ে রওয়ানা হয়। রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরের মেঘনা নদী অতিক্রমকালে হাইমচরের গাজীপুরের চরমনিপুর এলাকায় ডুবোচরে আটকে যায়।

পরদিন শনিবার বেলা ১১টার দিকে ‘এমভি রফ রফ-২’ নামের একটি লঞ্চ নিয়ে যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর প্রশাসন।

একইদিন দুপুরে ‘এমভি আঁচল’ নামের আরেকটি লঞ্চে করে তাদের গন্তব্যস্থল পটুয়াখালীতে পাঠানো হয়।