মওদুদদের অভিযোগ গঠন ফের পেছাল
গত বছর বিএনপি কার্যালয়ের সামনে ভাংচুর-নাশকতার মামলায় মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়ে গেছে।
রোববার কয়েকজন আসামির অব্যাহতির আবেদন এবং এক আসমিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করে মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনূল ইসলাম ভূইয়া অভিযোগ গঠনের শুনানির জন্য ২ সেপ্টেম্বর নতুন দিন ঠিক করে দেন।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারির শফিকুল ইসলাম মাসুদকে এ মামলার শুরু থেকেই পলাতক দেখানো হলেও অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।
তার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য ২ সেপ্টেম্বর মাসুদকে কারাগার থেকে আদালতে হাজির করতে বলেছেন বিচারক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, যুগ্ম মহাসচিব আমান, বরকতউল্লা বুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৮ আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন। ৪১ আসামির মধ্যে ১২ জন এখনো পলাতক।
গতবছর ৬ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করে পল্টন থানা পুলিশ।
ঘটনাটি তদন্ত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ১৯ মার্চ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
