প্রবাসী বিএনপি নেতা মুজিবুর উদ্ধার
সুনামগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার সাড়ে তিন মাসের বেশি সময় পর যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান উদ্ধার হয়েছেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর ও তার গাড়িচালক রেজাউল হক সুহেলকে সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে পাওয়া যায় বলে তার স্বজনরা জানান।
পরে সন্ধ্যায় মুজিবুরকে পুলিশ হেফাজতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বলে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন।
মুজিবুরের শ্যালক আনোয়ার হোসেন বলেন,“কিছু লোক দুপুরে গাজীপুরের টঙ্গীতে দুই জনকে ফেলে রেখে যায়।পরে মুজিবুর ও তার গাড়িচালক আমার ঢাকার গুলশানের বাসায় আসেন।পরে আমি তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাই।”
মুজিবুরের ভাতিজা আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“গাজীপুরের টঙ্গীতে আমার চাচাকে পাওয়া যায়।তার উদ্ধারের খবর শুনে আমরা পরিবারের সদস্যরা গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই।”
গাড়িচালক সুহেলকে পুলিশের একটি দল সুনামগঞ্জে নিয়ে আসছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেদায়েতুল ইসলাম জানিয়েছেন।
মুজিবুর ও তার গাড়িচালকের নিখোঁজের কথা জানিয়ে গত ৬ মে সুনামগঞ্জ সদর থানায় একটি জিডি করেন মুজিবুরের ভাগ্নি জামাই রবিউল ইসলাম।
জিডিতে বলা হয়,মুজিবুর ও তার গাড়িচালক সুহেল ৪ মে বিকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়ার পর রাত সাড়ে ৮টা থেকে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।এরপর থেকে দুজনের আর কোনো সন্ধান নেই।
তাদের সন্ধান দাবিতে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করে সুনামগঞ্জ জেলা বিএনপি।নেতার সন্ধান দাবিতে বিক্ষোভ করে যুক্তরাজ্য বিএনপিও।
মুজিবুর সপরিবারে লন্ডন থাকতেন।নিখোঁজ হওয়ার প্রায় এক বছরআগে থেকে পরিবার ছাড়াই তিনি সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় বসবাস করছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
