সুনামগঞ্জে গাড়িচালকসহ বিএনপি নেতা ‘নিখোঁজ’
সুনামগঞ্জে রোববার রাত থেকে বিএনপির এক নেতা ও তার গাড়িচালকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তার স্বজনরা জানিয়েছেন।
নিখোঁজ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুর রহমানের এক আত্মীয় মঙ্গলবার সকালে সদর থানায় একটি জিডি করেছেন বলে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ জানিয়েছেন।
মুজিবুর সপরিবারে লন্ডন থাকতেন। বছরখানেক ধরে পরিবার ছাড়াই তিনি সুনামগঞ্জ শহরের হাজিপাড়ার বাসায় থাকছেন।
মুজিবুরের ভাগ্নি জামাই রবিউল ইসলাম বলেন, আত্মীয়-স্বজনদের বাসাসহ নানা জায়গায় খোঁজ করেও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
“কোনো খবর না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেছি।”
গাড়িচালকের বাবা মো. ওয়াহিদুজ্জামান বলেন, রোববার বিকেলে তার ছেলে হাজী মুজিবুর রহমানকে নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকেই তাদের দুইজনের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এদিকে এই বিএনপি নেতার নিখোঁজ হওয়ার খবরে মঙ্গলবার বেলা ১টার দিকে শহরের মুক্তারপাড়ায় জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বুধবার শহরের ট্রাফিক পয়েন্টে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দেন। এসময় জেলা বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
