২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে জেল খেটেছিলেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা মুজিবুর

সুনামগঞ্জে ‘নিখোঁজ’ বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান ব্রিটেনে হত্যাচেষ্টার দায়ে কারাদণ্ড ভোগ করেছিলেন বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 03:10 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

রোববার রাত থেকে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য অনাবাসী বাংলাদেশি মুজিবুর রহমান ও তার গাড়ি চালক নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে জানানো হয়েছে।

স্থানীয় বিএনপি অক্ষত অবস্থায় তাকে খুঁজে পেতে বিক্ষোভ সমাবেশও করেছে।

মুজিবুরকে খুঁজে পেতে পুলিশের তিনটি দল কাজ করছে বলে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ জানিয়েছেন।

বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগের দিন সকালে বিষয়টি থানায় জানানোর পরই তার অনুসন্ধানে কাজ শুরু করে পুলিশ। তবে এখনো কোনো অগ্রগতি হয়নি।

ব্রিটিশ নাগরিক মুজিবুর দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় থাকছিলেন। তার পরিবার ব্রিটেনেই আছে।

প্রবাসী কয়েকজন বাংলাদেশি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৩ সালে হত্যাচেষ্টার দায়ে তার ৬ মাসের কারাদণ্ড হয়েছিল।

২০০৪ সালের ২৯ এপ্রিল তিনি কেন্টের একটি কারাগার থেকে মুক্তি পান।

Image
হাজী মুজিবুর রহমান

হাজী মুজিবুর রহমান

ইউকে যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর লন্ডনের ব্রাডি সেন্টারে যুবদলের এক সভায় তার দলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালান। এই অপরাধে কারাদণ্ড শেষে তার শরীরে গতিবিধি নজরদারির যন্ত্র লাগিয়ে দেয়া হয়। প্রবাসীরা তাকে এই যন্ত্রসহ ঘুরতে দেখেছেন।

ইউকে বিএনপির সহ-সভাপতি মুজিবুরের বিরুদ্ধে মাদক চোরাচালানের সন্দেহের কথা কয়েকজন প্রবাসী জানালেও এই নিয়ে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের আছে কি না জানতে চাইলে তারা জানাতে পারেনি।

মুজিবুরের নিখোঁজের বিষয়ে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর থানায় একটি জিডি করেন তার ভাগ্নি জামাই রবিউল ইসলাম।

এতে বলা হয়,  মুজিবুর ও তার গাড়িচালক রেজাউল হক সুহেল রোববার বিকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে তাদের ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান নেই।

 আত্মীয়-স্বজনদের বাসাসহ নানা জায়গায় খোঁজ করেও তাদের কোনো হদিস মিলছে না।

এদিকে মুজিবুরকে অক্ষত ফিরে পাওয়ার দাবিতে বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা বিএনপি নেতাকর্মীরা।

পুরনো খবর:

সুনামগঞ্জে গাড়িচালকসহ বিএনপি নেতা ‘নিখোঁজ’
সুনামগঞ্জে বিএনপি নেতার সন্ধান দাবিতে বিক্ষোভ