তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ
নানা আয়োজনে তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরকে স্মরণ করেছে কয়েকটি সংগঠন।
বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের জোকায়, যেখানে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছিল, তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনও করা হয়।
২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওরের জোকায় সড়ক দুর্ঘটনায় এ দুজনসহ পাঁচ জন নিহত হন।
মানিকগঞ্জ প্রেসক্লাব, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক, সামাজিক সংগঠন উত্তরণ, বারাঠা উত্তরণ সংঘসহ কয়েকটি সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন, তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতি পর্ষদের সদস্য ইকবাল হোসেন কচি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায়, উত্তরণের সভাপতি আমিনুর রহমান, বারাঠা উত্তরণ সংঘের সাধারণ সম্পাদক রিপন আনসারী প্রমুখ।
২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ঢাকায় ফিরছেলেন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ তাদের সহকর্মীরা।
দুপুর সাড়ে ১২ টার দিকে ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ওই মাইক্রোবাসে থাকা পাঁচজন নিহত হন।
