২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে পদ্মা থেকে ১ লাশ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যাকে পিনাক-৬ এর যাত্রী বলে ধারণা করছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 03:38 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

সখিপুর থানার এসআই আবদুল গণি জানান, রোববার দুপুরে নদীতে উপজেলার সখিপুর থানাধীন কাচিকাটা এলাকায় লাশটি পাওয়া যায়।

"উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরনে কালো রঙের প্যান্ট ও শার্ট ছিল।"

এসআই আরো জানান, মৃতদেহটি পিনাক-৬ এর যাত্রীর হতে পারে সন্দেহে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঠিয়ে দেয়া হয়েছে।

গত ৪ অগাস্ট মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মুন্সীগঞ্জের মাওয়ায় যাওয়ার পথে দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চ এমএল পিনাক-৬। পরদিন থেকে নদীর ভাটিতে ভোলা, শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে অনেকের লাশ ভেসে উঠে।

শরীয়তপুরে এ নিয়ে নদী থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয় বলে জানান এসআই আবদুল গণি।