‘ধাতব বস্তু’ পিনাক কি না- জানার অপেক্ষা
মুন্সীগঞ্জের মাওয়ায় দুর্ঘটনাস্থলের কাছাকাছি পদ্মা নদীর তলদেশে একটি ‘ধাতব বস্তুর’ সন্ধান পাওয়ার পর এক দিন পেরিয়ে গেলেও সেটি লঞ্চ পিনাক-৬ কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি উদ্ধারকর্মীরা।
ফলে তিন শতাধিক যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে মাওয়ায় যাওয়ার পথে ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান সনাক্ত করা যায়নি সাত দিনেও।
বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে শনিবার রাতে তল্লাশি অভিযান বন্ধ থাকার পর রোববার সকালে আবার নদীতে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। টাগবোট কাণ্ডারি-২ সেই ‘ধাতব বস্তুর’ অবস্থানে গেলেও নদীতে তীব্র স্রোত থাকায় সেখানে ডুবুরি নামানো সম্ভব হবে কি না সে বিষয়ে নিশ্চিত নন কাণ্ডারি-২ এর ইনচার্জ ও চট্টগ্রাম বন্দরের প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার মঞ্জুরুল করিম চৌধুরী।
উদ্ধার অভিযানের ষষ্ঠ দিন শনিবার দুপুরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাণ্ডারি-২ এর সাইড স্ক্যানার সোনারে নদীর নিচে ওই ধাতব বস্তুর অবস্থান ধরা পড়ে। সেটির আকৃতির সঙ্গে পিনাক-৬ এর আকৃতিতে মিল পাওয়ায় আশার সঞ্চার হয়।
কিন্তু নদীর ওপর থেকে নোঙ্গর নামিয়ে তলদেশে ওই ধাতব বস্তুতে আটকানো সম্ভব না হওয়ায় এখন পর্যন্ত সেখানে ডুবুরি পাঠানো সম্ভব হয়নি।
রোববার মাওয়া ঘাট থেকে রওনা হওয়ার আগে মঞ্জুরুল করিম সাংবাদিকদের বলেন, “গতকালও বস্তুটি নড়াচড়া করছিল। এ কারণে আমরা সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাইনি। আজ আমাদের মূল উদ্দেশ্য হবে সেটি পিনাক-৬ কি না তা নিশ্চিত হওয়া।”
তবে রোববারও ডুবুরি নামানো সম্ভব হবে কি না- সে বিষয়ে নিশ্চিত নন প্রধান হাইড্রোগ্রাফার।
তিনি বলেন, “এই মুহূর্তে স্রোতের গতি ৪ থেকে ৬ নটিক্যাল মাইলের মধ্যে ওঠানামা করছে। আমি সঠিক জানি না, এই অবস্থায় ডুবুরি নামানো কতোটা ঝুঁকিপূর্ণ হবে। আমরা চেষ্টা করছি।
উদ্ধার অভিযানে থাকা নৌবাহিনীর একজন কর্মকর্তা জানান, পিনাক-৬ এর দৈর্ঘ্য সাড়ে ১৬ মিটার। আর সাইড স্ক্যান সোনার স্ক্রিনে যে ছবি পাওয়া গেছে তাতে পদ্মার তলদেশে পাওয়া নৌযানটির দৈর্ঘ্য ১৬ মিটার।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মঞ্জুরুল করিম বলেন, “যেখানে বস্তুটি পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা প্রায় ১৯ মিটার। স্ক্রিন রিডিংয়ে দৈর্ঘ্যে আধা থেকে এক মিটার হেরফের হতে পারে। আমরা আশা করছি, আজকের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে।”
৪ অগাস্ট পিনাক-৬ ডুবে যাওয়ার পর থেকে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কয়েকটি অনুসন্ধান জাহাজ নিয়ে তল্লাশি চালিয়ে আসছে। লঞ্চটি সনাক্তের পর উদ্ধার অভিযান শুরুর জন্য প্রস্তুত রাখা হয়েছে জাহাজ রুস্তম ও নির্ভীক।
এদিকে লঞ্চডুবির পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ২৭টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চেনার উপায় নেই এমন ১৫টি লাশ ডিএনএ নমুনা রেখে দাফন করা হয়েছে মাদারীপুরে।
