ধর্মঘটের প্রভাব নেই সাভারেও
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ডাকা সারা দেশের শিল্পাঞ্চলের ধর্মঘটের কোন প্রভার পড়েনি সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ।
শনিবার সকাল থেকেই সাভার ও আশুলিয়ার সকল পোশাক কারখানার শ্রমিকরা স্বাভাবিক দিনের মতোই নিজ নিজ কর্মস্থলে কাজে যোগদান করেছেন। কাজও চলছে স্বাভাবিক গতিতে।
এদিকে শিল্পাঞ্চললে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ডাকা ধর্মঘটের কোন প্রভাব সাভার-আশুলিয়াতে পড়েনি। শ্রমিকরা ধর্মঘট প্রত্যাখ্যান করে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন এবং স্বাভাবিকভাবে কাজকর্ম করছে।
কারখানাগুলোর মূল ফটকের সামনে ও সড়কের গুরুত্বপূর্ন পয়েন্টে পর্যাপ্ত পরিমান নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরন অঞ্চলেও (ডিইপিজেড) ধর্মঘটের কোন প্রভাব পরেনি।
তবে ডিইপিজেডের পুরাতন জোনের ‘হেলিকন লিমিটেড’ নামে একটি তৈরি পোশাক করখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে বলে পুলিশ জানিয়েছেন।
কারখানাটির শ্রমিক ফরহাদ হোসেন বলেন, পিসরেট কম দেয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে কারখানার ভিতরেই কর্মবিরতি পালন করছে।
